চার ‘সেনা’ দেশেই সেঞ্চুরি করে রেকর্ডবুকে ভারতীয় ওপেনার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৬ AM

ইতিহাস গড়লেন লোকেশ রাহুল। ভারতের প্রথম ওপেনার হিসেবে সেনা (SENA) হিসেবে পরিচিত ৪ দেশেই সেঞ্চুরি করেছেন তিনি। পাকিস্তানের সাবেক ব্যাটার সাঈদ আনোয়ারের পর এশিয়ার প্রথম ওপেনার হিসেবেই এই অনন্য রেকর্ড গড়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া তিন দেশেই আগে সেঞ্চুরি ছিল। বাকি ছিল শুধু নিউজিল্যান্ড। এবার সেই অপেক্ষাও ঘুচল রাহুলের।

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ক্যারিয়ারের প্রথম ইনিংসেই সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন ভারতের এই ওপেনার। একই সঙ্গে এশিয়ার দ্বিতীয় ওপেনার হিসেবে চারটি দেশেই টেস্টে সেঞ্চুরির অনন্য কীর্তি গড়েছেন তিনি। সবমিলিয়ে এশিয়ার ৮ম ব্যাটার। রাহুলের আগে এই কীর্তি গড়েছেন—মোহাম্মদ আজহারউদ্দিন, শচীন টেন্ডুলকার, সাঈদ আনোয়ার, রাহুল দ্রাবিড়, ইউনিস খান, কুমার সাঙ্গাকারা ও বিরাট কোহলি। আর ভারতের পঞ্চম ব্যাটার।

আজ ৫২ রান নিয়ে দিন শুরু করেছিলেন রাহুল। লাঞ্চের পর ২০৭ বলে পূর্ণ করেন সেঞ্চুরি। ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি পেয়েছেন ৩৪ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটার। নিউজিল্যান্ডের মাটিতে টেস্টে সেঞ্চুরি করা ভারতের চতুর্থ ওপেনারও এখন রাহুল।

তার আগে এই কীর্তি ছিল সুনীল গাভাস্কার, গৌতম গম্ভীর ও শিখর ধাওয়ানের। ওপেনার হিসেবে এটি রাহুলের ১২তম টেস্ট সেঞ্চুরি। এই তালিকায় ভারতের হয়ে তার সমান মুরালি বিজয়। তাদের ওপরে আছেন শুধু গাভাস্কার (৩৩) ও বীরেন্দর শেবাগ (২২)।

চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রেও দারুণ ছন্দে রাহুল। ২১ ইনিংসে করেছেন চারটি সেঞ্চুরি। এই চক্রে ভারতের সর্বোচ্চ রানসংগ্রাহকও এখন তিনি। পেছনে ফেলেছেন অধিনায়ক শুভমান গিলকে।