সহজ ম্যাচ কঠিন করে অবিশ্বাস্য জয়ে সেমিতে বাংলাদেশ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১১:৪৪ PM

এশিয়া কাপ রাইজিং স্টার্সে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ১ উইকেটে হারিয়ে সেমিতে উঠলো বাংলাদেশ ‘এ’ দল। টসে হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে দেখেশুনে খেললেও বেশিদূর এগোতে পারেনি আফগানিস্তানের দুই ওপেনার। দলীয় ২৮ রানেই হাসান ইসাখিলকে ফেরান রিপন মন্ডন। এরপর ঘুরে দাঁড়ানোর আগেই ফের রিপন মন্ডলের তোপে প্যাভিলিয়নে ফেরেন আরেক ওপেনার ইমরান মীর।

তৃতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও এবার আফগান শিবিরে আঘাত হানেন আরেক পেসার ইকবাল হোসেন ইমন। দলীয় ৬৬ রানে তিনি আউট করেন আফগানিস্তানের আব্দুল রসুলকে। ভেঙে যায় ৩০ রানের জুটি। আর শুরুতে ২ উইকেট শিকারের পর, আবারও বোলিংয়ে এসে আফগানিস্তানের ব্যাটারদের মাথাব্যথার কারণ হয়ে উঠেন রিপন। দলীয় ৮৭ রানে এই পেসারের বলে আউট হয়ে যান ফয়সাল খান। আর পেসারদের দাপটের পর মুন্সিয়ানা দেখায় বাংলাদেশের স্পিনাররাও।

দলীয় ১০৮ রানে আফগানিস্তানের পঞ্চম উইকেট শিকার করেন স্পিনার রাকিবুল হাসান। এরপর বোলিংয়ে এসেই জোড়া শিকার করে আফগানিস্তানের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন একাই শেষ করে দেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক সাইফ হাসান। শেষ ইমনের এক উইকেট ও রুবেলের জোড়া শিকারে শেষ পর্যন্ত ১৭৪ রানেই অলআউট হয়ে যায় আফগানিস্তানের ‘এ’ দল। বাংলাদেশ ‘এ’ দলের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন পেসার রিপন মন্ডল। এছাড়া ২টি করে উইকেট পান যথাক্রমে সাইফ হাসান, মোহাম্মদ রুবেল এবং পেসার ইকবাল হোসেন ইমন।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বাউন্ডারি লাইনে দুরন্ত এক ক্যাচে আউট হয়ে যান বাংলাদেশের অধিনায়ক সাইফ। মাত্র ৩ বল খেলে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি। দ্বিতীয় উইকেটে এরপর ইয়াসির আলী ও পারভেজ হোসেন ইমন দলের হাল ধরেন। এই জুটিতে আসে ৫৬ রান। ব্যক্তিগত ৩৩ রানে ইমন আউট হয়ে গেলে ভেঙে যায় এই মূল্যবান জুটি। এরপরেই ব্যাটিং ধসে পড়ে বাংলাদেশ। একপর্যায়ে ৮৬ রানে ২ উইকেট থেকে ৮৯ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ ‘এ’ দল।

তবে এরপর অভিজ্ঞ সাব্বির রহমান এবং সাইফউদ্দিনের কল্যাণে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ষষ্ঠ উইকেটের জুটিতে এই দুই ব্যাটারের কল্যাণে স্কোরবোর্ডে যোগ হয় মূল্যবান ৪৯ রান। এরপরে ব্যক্তিগত ২৮ রানে সাব্বির আউট হয়ে গেলে ভেঙে যায় এই জুটি। যদিও একপ্রান্ত আগলে রেখে দলের আশার প্রতীক হয়ে ক্রিজে টিকে থাকেন অলরাউন্ডার সাইফউদ্দিন। তবে শেষ দিকে ম্যাচের মোড় ঘুরে যায়। টানা উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা, আর ম্যাচে জয়ের আশা বাঁচিয়ে রাখে আফগানিস্তান। তবে শেষ পর্যন্ত ছক্কা হাঁকিয়ে ১ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ ‘এ’ দল।