কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও, অগ্নিসংযোগ, হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ১২ দলীয় জোট। শনিবার (২১ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সমাবেশ থেকে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পুনর্বাসনের যেকোনো উদ্যোগ প্রতিরোধ এবং ২০২৪ সালের ‘আমি-ডামির’ নির্বাচনে অংশগ্রহণকারী ও তথাকথিত অবৈধ সংসদের সব সদস্যকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান জোটের নেতারা।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও ১২ দলীয় জোটের মুখপাত্র ড. মুফতি গোলাম মহিউদ্দিন ইকরামের সভাপতিত্বে এবং নয়াগণতান্ত্রিক পার্টির মহাসচিব কাজী ইমরুল কায়েসের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ-পরিবহন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদীন ফারুক এমপি।
প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবদীন ফারুক বলেন, এই সরকারের হাতেই গণতন্ত্র নিরাপদ থাকবে। কোনো ষড়যন্ত্রই বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে নস্যাৎ করতে পারবে না। ভারত কীভাবে একজন সাজাপ্রাপ্ত আসামিকে তাদের দেশে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সুযোগ করে দেয়, এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। তবে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ আর কোনোদিন রাজনীতি করার সুযোগ পাবে না।
তিনি আরও বলেন, ১৭ বছর ধরে ফ্যাসিবাদী নিপীড়ন, হত্যা ও গুমের মাধ্যমে জাতীয়তাবাদী শক্তিকে দমিয়ে রাখা যায়নি। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে তারেক রহমান সরকার গঠন করেছেন এবং ফ্যাসিবাদের কোনো ষড়যন্ত্রই বাংলাদেশের মাটিতে টিকবে না।
সভাপতির বক্তব্যে ড. মাওলানা মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম বলেন, ‘জুলাইযোদ্ধাদের রক্তের দাগ না শুকাতেই নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ দেশব্যাপী অগ্নিসংযোগ, মানুষ হত্যা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টায় নেমেছে। এর বিরুদ্ধে গোটা জাতিকে ঐক্যবদ্ধভাবে দাঁতভাঙা জবাব দিতে হবে। এ সময় তিনি স্বৈরাচার ও তার দোসরদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।’
বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক শামসুদ্দিন পারভেজ বলেন, বিএনপির যুগপৎ আন্দোলনে ১২ দলীয় জোট স্বৈরাচারবিরোধী আন্দোলনের রাজপথে ছিল, আছে এবং থাকবে। তিনি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করে স্বৈরাচারের সব অপশক্তিকে প্রতিহত করার আহ্বান জানান।
সমাবেশে বক্তারা বলেন, গুম, খুন, হত্যা, ভাঙচুর ও অগ্নিসংযোগের রাজনীতি থেকে আওয়ামী লীগ কখনো বেরিয়ে আসেনি এবং কোনো দেশপ্রেমিক শক্তি দলটিকে পুনর্বাসন করতে পারে না। ফ্যাসিবাদ ও তার দোসরমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথে সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
সমাবেশে আরও বক্তব্য দেন ইউনাইটেড লিবারেল পার্টির চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, ইসলামী ঐক্য জোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাওলানা শওকত আমিন, নয়া গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান মাস্টার এম এ মান্নান, বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব মো. আবু হানিফ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি মো. জাকির হোসেন, ইউনাইটেড লিবারেল পার্টির মহাসচিব খন্দকার আহসান হাবিব, কল্যাণ পার্টির যুগ্ম মহাসচিব ডা. হাসান মেহেদী, ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা ইলিয়াছ রেজাসহ জোটের শীর্ষ নেতারা। সমাবেশ শেষে ১২ দলীয় জোটের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
