ড্রেসিংরুমে মরিনেহোর অনুপ্রেরণায় বদলে গেল দৃশ্যপট, রিয়ালের ‘কামব্যাক’

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ PM

সেল্টা ভিগোর বিপক্ষে রিয়াল মাদ্রিদের ২-১ ব্যবধানে জয়ের পর হোসে মরিনহোর বিরতির সময়ের কথাবার্তার প্রশংসা করেছেন থিবো কোর্তোয়া। সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ মুহূর্তের প্রত্যাবর্তনের আগে দলকে ম্যাচে টিকিয়ে রাখতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করেন এই বেলজিয়ান গোলরক্ষক।

পাবলো দুরানের শুরুর দিকের গোলে পিছিয়ে পড়ায় হতাশাজনক এক ফলাফলের দিকেই এগোচ্ছিল মাদ্রিদ। তবে বিরতির পর নতুন উদ্যমে মাঠে ফেরে স্বাগতিকেরা। শেষ পর্যন্ত জুড বেলিংহামের গোলে সমতায় ফেরার পর কার্লোস এসপির নাটকীয় শেষ মুহূর্তের গোলে জয় তুলে নেয় তারা। কোর্তোয়া স্পষ্ট করে জানান, খেলার এই ছন্দ বদলের পেছনে বিরতির সময়ে কোচের নির্দেশনার সরাসরি ভূমিকা ছিল।

মুন্দো দেপোর্তিভোকে এই বেলজিয়ান গোলরক্ষক বলেন, কোচের বিরতির সময়ের কথা ছিল মূল চাবিকাঠি। প্রথমার্ধে আমরা নিজেদের মতো ছিলাম না, আমরা দৌড়াইনি এবং ফুটবলের মৌলিক কাজগুলোও করিনি। ওরা আমাদের বিপক্ষে শুরুতেই গোল করল, আমাদের সুযোগ তৈরি করা কঠিন হয়ে পড়েছিল এবং আমরা ভালো খেলিনি। দ্বিতীয়ার্ধে আমরা ভালো করেছি, বেশি দৌড়েছি এবং সবকিছুই আরও ভালোভাবে করেছি। আমরা প্রথম গোলটি করলাম এবং তখনই আমার কোনো সন্দেহ ছিল না যে আমরা ঘুরে দাঁড়াব, বিশেষ করে কার্লেসকে মাঠে নামতে দেখে। সে সামনের সারিতে আমাদের তুরুপের তাস এবং ভিনি তার জন্য দারুণ একটি ক্রস করেছিল।

প্রত্যাবর্তনের গল্পে আক্রমণভাগের খেলোয়াড়েরা শিরোনামে এলেও মাদ্রিদের দুর্বল মুহূর্তগুলোতে সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন কোর্তোয়া। দল ১-০ গোলে পিছিয়ে থাকা অবস্থায় সেল্টাকে ব্যবধান দ্বিগুণ করতে না দিয়ে তিনি যে দৃষ্টিনন্দন সেভটি করেন, সেটিই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ওই সেভের পেছনের ভাবনা তুলে ধরে বেলজিয়ান এই গোলরক্ষক জানান, তিনি নিচু পাসের আঁচ করেছিলেন এবং বল গোলমুখী হওয়ার আগেই নিজেকে যতটা সম্ভব বড় করে তুলে ধরেন।

সাবেক এই চেলসি তারকা বলেন, ১-০ পিছিয়ে থাকার সময় করা সেভটিতে আমি ঠিকঠাক আঁচ করতে পেরেছিলাম, নিচু পাসের অপেক্ষায় ছিলাম এবং নিজেকে বড় করে তুলে ধরেছিলাম। আর দ্বিতীয়টিতে আমি দেখেছিলাম দুরান শট নিতে যাচ্ছে, তাই আমি প্রস্তুত ছিলাম। এটা গুরুত্বপূর্ণ ছিল, কারণ এর ৩০ সেকেন্ড পরেই সমতাসূচক গোলটি আসে। এগুলো ছিল দুটি গুরুত্বপূর্ণ সেভ এবং আমি এ জন্যই এখানে আছি।