দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান বলেছেন দুর্নীতিমুক্ত দেশ গড়তে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলেন, বর্তমান কমিশন কথায় নয় কাজে বিশ্বাসী। কর্মকর্তাদের কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে কমিশন।
রোববার (২২ নভেম্বর) দুদকের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে দুদকের কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দুদক চেয়ারম্যান এসব কথা বলেন।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে কমিশনার (তদন্ত) ড. জাহাঙ্গীর আলম খান বলেন, ‘দেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার অর্থ পাচার হয়েছে। যার মধ্যে প্রতিবছর ১৬ বিলিয়ন পাচার হয়েছে ইনভয়েস, ওভার ভয়েসের মাধ্যমে।’
তিনি বলেন, ‘বড়বড় দুর্নীতিগুলো দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। যারা বড়বড় দুর্নীতি করেছে তাদের সংখ্যা বেশি নয়। বর্তমান কমিশন এ সকল বড়বড় দুর্নীতির অনুসন্ধান, মামলা এবং তদন্তের বিষয়ে কমিশন বেশি গুরুত্ব দিয়েছে। তিনি দুদককে আশা জাগানিয়া প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।’
বিশেষ অতিথির বক্তৃতায় কমিশনার (অনুসন্ধান) ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া বলেন, ‘ব্যক্তিগত দুর্নীতি নয়, বরং প্রাতিষ্ঠানিক দুর্নীতি রাষ্ট্রের কাঠামোকে দুর্বল করে দিয়েছে। এ দেশের প্রায় ৯৫ প্রায় শতাংশ মানিলন্ডারিং হয় ক্লিয়ারিং হাউজের মাধ্যমে। আর এটি হয়ে থাকে করপোরেট হাউজ এবং ব্যাংকের মাধ্যমে।’
কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা নিজেরা দুর্নীতিমুক্ত থাকবেন। আসাদ কমিশন দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে।’
কমিশনের সচিব মো. সাইদুর রহমান খানের সভাপতিত্বে আলোচনা সভায় কমিশনের সকল মহাপরিচালক, সকল পরিচালক এবং উপপরিচালকগণ অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে দুদক সচিব বলেন, ‘বর্তমান কমিশন মাত্র তিন মাসের মধ্যে দুদকের নতুন অর্গানোগ্রাম তৈরি করেছে, এক হাজার ২৮টি নতুন পদ সৃষ্টি করেছে এবং নতুন গ্রেডেশন তালিকা তৈরি করেছে। কর্মকর্তাদের জন্য দেশে বিদেশে কোয়ালিটি সম্পন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করছে। এতে করে দুদকের অনুসন্ধান, মামলা, তদন্ত এবং দুর্নীতি প্রতিরোধের কাজের মান বাড়বে।’
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে মহাপরিচালক (প্রতিরোধ) মো. নাজমুল আলম, মহাপরিচালক মোরশেদ আলম, সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ, দুদকের খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. ফজলুল হক এবং ঢাকা-১ কার্যালয়ের মো. আতিকুল আলম বক্তব্য দেন। এর আগে কমিশনের চেয়ারম্যান কমিশনারবৃন্দ এবং সচিবকে নিয়ে দুদকের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
