দুই মাস ধরে ভুয়া পরিচয়ে আত্মগোপনে ছিলেন বোমারু মামুন, বাসায় ১১ আইইডি

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১০:৪৭ PM

ঢাকার কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনা আলোচনায় আসা নিষিদ্ধ জঙ্গি সংগঠন নিউ জেএমবির সদস্য নাজমুল হাসান মামুন ওরফে বোমারু মামুন দুই মাস ধরে ভুয়া পরিচয়ে লক্ষ্মীপুরের রায়পুরে আত্মগোপনে ছিলেন। স্থানীয়দের হাতে আটকের পর নিজের পরিচয় গোপন করে সাইফুল ইসলাম সুজন নামে পরিচয় দেন তিনি। যদিও রিমান্ডে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে তার প্রকৃত পরিচয়। পরে তার ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয় ১১টি শক্তিশালী ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)।

গত ৩ নভেম্বর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা তাকে ধাওয়া করে। এ সময় পালানোর চেষ্টা করে একটি ককটেল বিস্ফোরণ ঘটান বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

পুলিশ জানায়, আটকের পর ওই ব্যক্তি নিজের নাম সাইফুল ইসলাম সুজন এবং বাড়ি ভোলা সদর বলে পরিচয় দেন। তবে রায়পুর থানায় রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় তার প্রকৃত পরিচয় জানা যায়। তিনি নিউ জেএমবির সদস্য নাজমুল হাসান মামুন, যিনি বোমারু মামুন নামে পরিচিত।

রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মান্নান বলেন, আটকের পর মামুন নিজের পরিচয় গোপন করেছিলেন। পরে রিমান্ডে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি নিউ জেএমবির সদস্য বোমারু মামুন। তার ভাড়া বাসা থেকে ১১টি আইইডি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের প্রায় দেড় থেকে দুই মাস আগে ভুয়া পরিচয়ে ওই বাড়ি ভাড়া নেন মামুন। সেখানে এক নারী ও এক পুরুষের সঙ্গে বসবাস করতেন তিনি। বাড়ির মালিককে তারা জানিয়েছিলেন, চর এলাকায় পোলট্রি খামার করবেন।

উদ্ধার করা বোমাগুলো নিষ্ক্রিয় করতে ঢাকা থেকে পুলিশের বিশেষায়িত স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) সদস্যরা রায়পুরে যান। তারা বোমাগুলো নিষ্ক্রিয় করেন। মামুনকে বিস্ফোরক আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে অন্য মামলাও থাকায় তাকে পুলিশের স্পেশাল রেসপন্স টেররিজম ইউনিট (এসআরইউ) কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরইউ।

জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে ছিলেন মামুন। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তার বয়স ছিল ২১ বছর। রাজধানীর পান্থপথে হোটেল অলিওতে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

তখন পুলিশ জানিয়েছিল, মামুন নিউ জেএমবির শুরা কাউন্সিলের সদস্য ছিলেন। হোটেল অলিওতে হামলায় ব্যবহৃত বোমা তৈরিতেও তার সংশ্লিষ্টতা ছিল বলে অভিযোগ করা হয়। পরে জুলাই অভ্যুত্থানের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান তিনি।

পুলিশ কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বর থেকে দেশের বিভিন্ন স্থানে বোমা তৈরি ও বিস্ফোরণের ঘটনায় মামুন এবং তার সহযোগী মোহাম্মদ আরিফ ওরফে ইমরানের সংশ্লিষ্টতার তথ্য পেয়েছেন তদন্তকারীরা।

এসব ঘটনার মধ্যে রয়েছে গত বছরের ২৬ ডিসেম্বর কেরানীগঞ্জের একটি মাদ্রাসায় বোমা তৈরির সময় বিস্ফোরণ। এ ছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে যাত্রাবাড়ীতে তল্লাশির সময় এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যান এক ব্যক্তি। ঘটনাস্থলে ফেলে যাওয়া একটি ব্যাগে বোমা পাওয়া যায়।

গত জুলাইয়ে আরও দুটি ঘটনায় তাদের সংশ্লিষ্টতা সন্দেহ করছেন তদন্তকারীরা। এর একটি ছিল হিন্দু সম্প্রদায়ের উল্টো রথযাত্রার রুটে মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার ভেতরে লুকিয়ে রাখা পাইপবোমা। অন্যটি আশুলিয়ার চরাবাগ এলাকায় একটি চায়ের দোকানে পাওয়া প্রেসারকুকার বোমা।

ডিএমপির এসআরইউ কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, মামুনকে আরিফের পরামর্শদাতা বা মেন্টর হিসেবে শনাক্ত করেছেন তদন্তকারীরা। গত আগস্টে সাভার থেকে বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ আরিফকে গ্রেপ্তার করা হয়।

যোগাযোগ করা হলে এসআরইউ ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন, মামুনকে গ্রেপ্তারের বিষয়টি তারা জেনেছেন। বর্তমানে মামুন রায়পুরার থানার মামলায় কারাগারে রয়েছেন। তবে শীঘ্রই তাকে রিমান্ডে আনবে এসআরইউ। ঢাকাসহ সাভার, আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় বোমা উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।