ইউনাউটেডে নতুন চুক্তির আলোচনা বন্ধ হয়ে গেছে: ব্রুনো ফার্নান্দেজ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ PM

ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন চুক্তি নিয়ে আলোচনা বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন দলটির অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। বর্তমান চুক্তির মেয়াদ চলতি মৌসুমের শেষেই ফুরিয়ে যাচ্ছে। যদিও ক্লাবের হাতে আরও ১২ মাস মেয়াদ বাড়ানোর বিকল্প রয়েছে। এর মধ্যে ম্যানইউর দেওয়া দুটি নতুন চুক্তির প্রস্তাব তিনি নাকচ করে দিয়েছেন বলে গুঞ্জন রয়েছে।

তবে এই আলোচনা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ তার মতে ক্লাবের এখন মূল অগ্রাধিকার হওয়া উচিত জয়ের ধারায় ফেরা।

স্কাই স্পোর্টস-কে তিনি বলেন, হ্যাঁ, ক্লাব আমাকে নতুন চুক্তির প্রস্তাব দিয়েছে। তাই আমার মনে হয়, তাদের দিক থেকে এটা দেখায় যে তারা আমাকে ধরে রাখতে চায়। আর এখন কোনো আলোচনা চলছে না। আলোচনা চালিয়ে যাওয়ার জন্য এটা সঠিক সময় বলে আমি মনে করি না। আমার জন্যও নয়, ক্লাবের জন্যও নয়।

তিনি আরও যোগ করেন, গত মৌসুমের শেষে আমরা চুক্তি নিয়ে কথা বলেছিলাম, এই মৌসুমের শুরুতেও চুক্তি নিয়ে কথা বলতে এসেছিলাম। কিন্তু দল ও ক্লাবের সার্বিক বাস্তবতার কারণে আমি সেটা একপাশে সরিয়ে রেখেছি।

বেতন বৃদ্ধি বা আরও দীর্ঘ মেয়াদের চুক্তি চাওয়ার গুঞ্জনও উড়িয়ে দিয়েছেন ফার্নান্দেজ। তার দাবি, অন্যত্র বেশি অর্থ আয়ের সুযোগ আগেও তার সামনে ছিল। কিন্তু তিনি ওল্ড ট্র্যাফোর্ডেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।