২০৩১ বিশ্বকাপের সেমিফাইনাল আয়োজন করতে চায় বিসিবি

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ PM

আগেই চূড়ান্ত হয়েছে ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক। বাংলাদেশ ও ভারতে যৌথ আয়োজনে মাঠে গড়াবে বিশ্ব ক্রিকেটের এই মেগা টুর্নামেন্ট। গ্রুপ পর্বের খেলা যে দেশের মাঠে গড়াবে, তা মোটামুটি নিশ্চিত। 

তবে একটি সেমি-ফাইনাল ম্যাচ বাংলাদেশে আয়োজনের লক্ষ্যে আইসিসির সঙ্গে দরকষাকষি চালিয়ে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

রোববার (২২ নভেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই পরিকল্পনার কথা জানান তিনি। যৌথ আয়োজক হওয়ার পুরোনো সিদ্ধান্তের কৃতিত্ব না নিয়ে বরং নতুন কিছু যুক্ত করার চেষ্টার কথাই তুলে ধরেন তামিম।

বিসিবি সভাপতি বলেন, বাংলাদেশ ও ভারত যে একসঙ্গে ২০৩১ বিশ্বকাপ আয়োজন করবে, সেই ঘোষণা বহু আগেই এসেছে। পুরোনো এই সিদ্ধান্তে আমার কিংবা বর্তমান বোর্ডের কোনো ভূমিকা নেই। তবে একটি বিশেষ বিষয় নিয়ে আইসিসির সঙ্গে কথা বলছি, তাদের বোঝানোর চেষ্টা করছি। আমার বিশ্বাস, আমরা সফল হব। লক্ষ্য হলো- অন্তত একটি সেমি-ফাইনাল যেন বাংলাদেশে রাখা যায়। বিষয়টি নিয়ে আমি বেশ আশাবাদী।

তামিমের বলেন, আইসিসির সঙ্গে আমার কথা চলছে। সময়মতো যখন আইসিসি আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে, তখন ভালো কিছুই আসবে বলে আমার ধারণা। গ্রুপ পর্বের ম্যাচ তো থাকছেই, পাশাপাশি আগের চেয়ে ম্যাচের সংখ্যাও বাড়বে বলে আশা করি। আর একটি সেমি-ফাইনাল আয়োজনের স্বত্ব পেলে তা দেশের ক্রিকেটের জন্য দারুণ প্রাপ্তি হবে। সে চেষ্টাই করছি।

প্রসঙ্গত, ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারত ও শ্রীলঙ্কার পাশাপাশি যৌথ আয়োজক ছিল বাংলাদেশ। সেবার দেশের মাটিতে গ্রুপ পর্ব ও দুটি কোয়ার্টার-ফাইনাল ম্যাচ হলেও, শেষ চারের ম্যাচ আয়োজনের সুযোগ মেলেনি।