মেসিকে লাল কার্ড না দেখানোর কারণ জানালেন রেফারি

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ PM

প্রতিপক্ষের ফুটবলার মুখে বল ছুড়ে মেরে হলুদ কার্ড দেখলেও, মেসির লাল কার্ড পাওয়া উচিত ছিল মনে করছেন অনেকে। তবে মেসিকে লাল কার্ড না দেখানোর কারণ ব্যাখা করেছেন ম্যাচটির রেফারি অ্যালেন চ্যাপম্যান।

এমএলএস কাপ প্লে-অফের শেষ ষোলোর ম্যাচে আজ কলম্বাস ক্রুর বিপক্ষে ঘটনাটি ঘটেছে প্রথমার্ধের শেষ মুহূর্তে। ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে গোল করে কলম্বাসকে এগিয়ে দিয়েছিলেন গঞ্জালো তাপিয়া। পরে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মায়ামির রাইটব্যাক গঞ্জালো লুহান। ১০ জনের দলে পরিণত হওয়া মায়ামির দুর্ভোগ তখনই শুরু।

বিরতির ঠিক আগেই আসে সেই মুহূর্ত। থ্রো-ইন নেওয়ার জন্য সীমানার বাইরে দাঁড়িয়েছিলেন মেসি। তার পাশেই ছিলেন কলম্বাসের চিলিয়ান স্ট্রাইকার তাপিয়া। তিনি মেসিকে দ্রুত থ্রো-ইন নিতে বাধা দিচ্ছিলেন। মেসি প্রথমে বল দিয়ে তাপিয়ার মুখে ধাক্কা দেন। এরপর দ্রুত থ্রো-ইন নিতে বাধা পাওয়ার পর সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার গঞ্জালো তাপিয়ার মুখে বল ছুড়ে মারেন।

তবে মেজর লিগ সকারের (এমএলএস) রেফারি অ্যালেন চ্যাপম্যান কেবল হলুদ কার্ড দেখিয়ে অনেককেই বিস্মিত করেন। আটবারের ব্যালন ডি’অর জয়ীর এই আচরণ সরাসরি লাল কার্ড পাওয়ার মতো নয় বলে সিদ্ধান্ত নেন রেফারি চ্যাপম্যান। ফলে মাঠেই থাকার অনুমতি পান মেসি।

মেসিকে মাঠে থাকার অনুমতি দেওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত ইন্টার মায়ামি ৩-০ গোলে হারে। ম্যাচের পর কলম্বাস ক্রুর কোচ লরাঁ কোর্তোয়া জোর দিয়ে বলেছেন যে, মেসিকে লাল কার্ড দেখানো উচিত ছিল।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে দ্য গার্ডিয়ানকে কোর্তোয়া বলেন, সবাই জানে যে সে হলুদ কার্ডের চেয়ে বেশি কিছুর প্রাপ্য ছিল। এটা সত্যিই খুব দুঃখজনক। তবে মেসিকে কেবল হলুদ কার্ড দেওয়ার পেছনের কারণ ব্যাখ্যা করেছেন রেফারি চ্যাপম্যান। পুল রিপোর্টারকে এই ম্যাচ কর্মকর্তা জানান, যে পরিমাণ বল প্রয়োগ করা হয়েছিল তা ছিল নগণ্য এবং এই অপরাধ সহিংস আচরণের পর্যায়ে পৌঁছায়নি।

তাপিয়া নিজেও সাংবাদিকদের বলেছেন, এটা ম্যাচের একটি সাধারণ মুহূর্ত ছিল মাত্র, আর এর চেয়ে বেশি মনোযোগ পাওয়ার যোগ্য এটি নয়। বিষয়টি ওখানেই শেষ হয়ে গেছে, আর কিছু ঘটেনি। এটা ফুটবলেরই অংশ, যেমনটা আমাদের সাথে ঘটেছে, ঠিক তেমনই অন্য কোনো মুহূর্তে বা ভিন্ন কোনো পরিস্থিতিতে এমন কিছু ঘটতেই পারত।

আর হতাশার ম্যাচ শেষে মেসিদের কোচ কিলি গঞ্জালেজ বলেছেন, মন একটি ম্যাচ ছিল যেখানে আমাদের পক্ষে কিছুই ঠিকঠাক হয়নি, আর কার্যত আমরাই তাদের সুযোগ তৈরি করে দিয়েছি। আমরা যে দারুণ পারফরম্যান্সের আশা করেছিলাম, তা দেখাতে পারিনি। সবকিছুই ভুল হয়েছে, তবে আমাদের এখান থেকে শিখতে হবে, কারণ পরেরবার জিততে না পারলে আমরা ছিটকে যাব। একটি দল হিসেবে আমাদের সামনে এর চেয়ে বড় কোনো চ্যালেঞ্জ নেই।