প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেন, পাহাড়ি অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, ভূমিধস রোধ ও জলাধার সংরক্ষণের ওপর প্রধানমন্ত্রী বিশেষ জোর দিয়েছেন।
রোববার (২২ নভেম্বর) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অফিস কক্ষে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
মতবিনিময়কালে ব্যারিস্টার মীর হেলাল জানান, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং ইকো-ট্যুরিজমের প্রসারে বাংলাদেশ সরকার ও ইউএনডিপি একযোগে কাজ করে যাচ্ছে।
পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠীর মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সমতার ভিত্তিতে বসবাস করছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার এই অঞ্চলের দুর্গম এলাকায় সকল প্রকার নাগরিক সেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশের অর্থনীতির চাকাকে আরও শক্তিশালী করতে সরকার বদ্ধপরিকর।
ইউএনডিপির চলমান কার্যক্রমের সাথে সরকারের উন্নয়ন অগ্রাধিকারের সমন্বয় তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, পাহাড়ের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে জলবায়ু সহনশীলতা, টেকসই কৃষি, নারীর ক্ষমতায়ন এবং স্থানীয় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। আগামী দিনগুলোতে পরিবেশ সুরক্ষা, বনায়ন, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি ও স্যানিটেশন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ইউএনডিপি সরকারের পাশে থেকে সহযোগিতা আরও জোরদার করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বৈঠকে ইউএনডিপি প্রতিনিধিদল পার্বত্য চট্টগ্রামে তাদের চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করে। তারা জানায়, দুর্গম পাহাড়ি এলাকায় টেকসই কৃষি পদ্ধতি, উদ্যানপালন (হর্টিকালচার), মৎস্য চাষ এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরিতে সংস্থাটি প্রশিক্ষণ ও অনুদান প্রদান করছে। এছাড়া ‘পাড়া উন্নয়ন কমিটি’ (পিডিসি) গঠনের মাধ্যমে তৃণমূল পর্যায়ের জনগণকে নিজ নিজ এলাকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে সম্পৃক্ত করা হচ্ছে।
পাশাপাশি পাহাড়ি অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, ভূমিধস রোধ ও জলাধার সংরক্ষণে কমিউনিটি-ভিত্তিক প্রকল্প পরিচালনা এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ বৃদ্ধি ও সহিংসতা প্রতিরোধে সচেতনতা তৈরিতে ইউএনডিপি কাজ করছে বলে প্রতিনিধিদল উল্লেখ করে।
বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা, পর্যটন শিল্পের আধুনিকায়ন, জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলা এবং নারী ক্ষমতায়ন ইস্যুতে দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের জন্য প্রতিমন্ত্রী ইউএনডিপিকে ধন্যবাদ জানান। তিনি আশা করেন, পার্বত্য চট্টগ্রামের মানুষের সার্বিক জীবনমান উন্নয়নে এই সহযোগিতা আগামীতে আরও সুদৃঢ় হবে।
সাক্ষাৎকালে ইউএনডিপির বাংলাদেশে নিযুক্ত রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ স্টিফেন রডরিকস এন্থনি, ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সোনালী দয়ারত্নে, অ্যাসিস্ট্যান্ট রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সরদার মো. আসাদুজ্জামান, ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার ইয়্যুগেস প্রধানাং এবং প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. আশ্রাফুল ইসলাম উপস্থিত ছিলেন।
