সংসদীয় সহযোগিতা বাড়াতে সিপিএ মহাসচিবের সঙ্গে চিফ হুইপের বৈঠক

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫১ AM

যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সঙ্গে বৈঠক করেছেন কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) মহাসচিব স্টিফেন টুইগ। 

গত শুক্রবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত এ বৈঠকে সংসদীয় গণতন্ত্রের বিকাশ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সংসদীয় সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদের সঙ্গে সিপিএর চলমান সহযোগিতা আরও সম্প্রসারণ, সংসদীয় কার্যক্রমের মানোন্নয়ন এবং আন্তর্জাতিক সংসদীয় পরিমণ্ডলে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, ‘গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, সংসদীয় কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটানো সরকারের অন্যতম অগ্রাধিকার। এসব লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সংসদীয় সংস্থাগুলোর সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

তিনি আরও বলেন, বাংলাদেশের জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অক্ষুণ্ন রেখে বিশ্বের বিভিন্ন দেশের সংসদের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক আরও জোরদার করতে চায় জাতীয় সংসদ।

বৈঠকে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সংসদগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধি, সংসদীয় গণতন্ত্রের চর্চা, আইন প্রণয়ন প্রক্রিয়ার মানোন্নয়ন এবং সংসদ সদস্যদের দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের বিষয়েও আলোচনা হয়।

সিপিএ মহাসচিব স্টিফেন টুইগ বাংলাদেশের জাতীয় সংসদের সঙ্গে সংস্থাটির সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে গুরুত্ব দেন। একই সঙ্গে সংসদীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণ এবং আন্তর্জাতিক সংসদীয় পরিমণ্ডলে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।