দেশের তৃণমূল থেকে ক্রিকেটার বের করে আনার লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই উদ্যোগের প্রথম ধাপে সাতটি শহরে একযোগে ক্রিকেট একাডেমি চালুর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তিনি স্পষ্ট করেন, বিসিবির এসব একাডেমি স্থানীয় ক্রিকেট একাডেমিগুলোর প্রতিদ্বন্দ্বী নয়, বরং তাদের পরিপূরক হয়ে কাজ করবে।
প্রতিটি একাডেমিতে বাছাই করা ৫০ থেকে ৬০ জন তরুণ ক্রিকেটারকে বিনা পয়সায় প্রশিক্ষণ দেবে বোর্ড। আগামী কয়েক মাসের মধ্যেই এসব একাডেমির কার্যক্রম শুরু করা যাবে বলে আশাবাদী বিসিবি সভাপতি তামিম ইকবাল।
তামিম বলেন, বিসিবি একসঙ্গে ছয় থেকে সাতটি শহরে একাডেমি চালু করতে যাচ্ছে। তবে আমরা স্থানীয় একাডেমিগুলোকে কোনোভাবেই চ্যালেঞ্জ করতে চাই না। স্থানীয় একাডেমিগুলো থাকা খুবই জরুরি। কারণ, তারাই খেলোয়াড় তৈরি করে।
একাডেমিগুলো চালু করতে খুব বড় অঙ্কের বিনিয়োগ লাগবে না বলে মনে করেন বিসিবি সভাপতি। তার যুক্তি, বিভিন্ন বিভাগ ও জেলায় আগে থেকেই মাঠ, উইকেট, ইনডোর সুবিধা ও কোচ রয়েছে। বিসিবিকে কেবল বল ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করতে হবে।
তামিম বলেন, সিলেটে যদি একটা একাডেমি হয়, সেখানে মাঠ আছে, উইকেট আছে, ইনডোরও আছে। আমার কী লাগবে একাডেমি শুরু করতে? বল আর কাপড়। আমার সব সুযোগ-সুবিধা আছে। একইভাবে চট্টগ্রাম, খুলনা, বগুড়া ও বরিশালেও কোচও আছে। জেলা ও বিভাগীয় কোচদের আমরা বেতন দিই। তারা তিন-চার মাস কাজ করার পর অনেক সময় আর কাজ থাকে না। এই একাডেমিগুলো চালু হলে তারাও কাজ করার সুযোগ পাবেন।
বয়সভিত্তিক ক্রিকেটের বাছাই ও প্রস্তুতি প্রক্রিয়াতেও পরিবর্তন আনার কথা জানিয়েছেন তামিম। তার মতে, অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ দলের ক্ষেত্রে বয়স যাচাইয়ের পরপরই টুর্নামেন্ট শুরু হয়ে যায়। একাডেমি চালু হলে বাছাই প্রক্রিয়া আরও এগিয়ে আনা সম্ভব হবে, যাতে ক্রিকেটাররা মাঠে নামার আগে পর্যাপ্ত প্রস্তুতির সময় পান।
তামিম বলেন, এখন আমাদের প্রক্রিয়াটা কী? এক সপ্তাহ আগে তাদের বয়স পরীক্ষা করা হয়, এরপর এক সপ্তাহের মধ্যে খেলা শুরু হয়ে যায়। আমি যদি এই প্রক্রিয়াটা চার মাস আগে শুরু করি, তাহলে চার মাস আগে তাদের বয়স যাচাই হবে। এরপর চার মাস তারা বিসিবি একাডেমিতে প্রশিক্ষণ নেবে। তারপর খেলতে যাবে। এতে তারা অনেক বেশি প্রস্তুত থাকবে।
নির্বাচিত ক্রিকেটারদের কাছ থেকে কোনো প্রশিক্ষণ ফি নেওয়া হবে না। পুরো খরচই বহন করবে বিসিবি। শিক্ষার্থীদের পড়াশোনায় যেন কোনো সমস্যা না হয়, সেদিকে খেয়াল রেখে সপ্তাহে তিন দিন- বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার একাডেমির কার্যক্রম চালানোর ভাবনা রয়েছে।
আপাতত যেসব শহরে অবকাঠামো ও সুযোগ-সুবিধা প্রস্তুত, সেখানেই শুরু হচ্ছে এই উদ্যোগ। ভবিষ্যতে দেশের অন্যান্য জেলা ও বিভাগেও একাডেমি ছড়িয়ে দেওয়ার লক্ষ্য রয়েছে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগ বা জেলাকে নিজস্ব ইনডোর সুবিধা গড়ে তোলার তাগিদ দিয়েছেন তামিম।
তিনি বলেন, আমি চাই একসময় ৬৪টি বিসিবি একাডেমি হোক। তবে এর জন্য ন্যূনতম সুযোগ-সুবিধা থাকতে হবে। শুরুতে ছয়-সাতটি শহর নিয়ে এগোব। এরপর প্রতি বছর বা দুই বছর পরপর পর্যালোচনা করে এক বা দুটি করে একাডেমি বাড়ানোর চেষ্টা করব। কোনো শহর বা বিভাগ যদি নিজেদের উদ্যোগে একটি ইনডোর তৈরি করতে পারে, তাহলে সেখানে নতুন একাডেমি চালুর বিষয়টি আমরা বিবেচনা করব।
বিসিবি সভাপতি জানান, পরিকল্পনাটি নিয়ে পরিচালকদের সঙ্গে কথা হয়েছে এবং সবার কাছ থেকেই ইতিবাচক সাড়া মিলেছে। আগামী ২৮ নভেম্বর বোর্ড সভায় প্রস্তাবটি অনুমোদনের জন্য তোলা হবে। অনুমোদন মিললে আগামী কয়েক মাসের মধ্যেই দেশের বিভিন্ন শহরে একাডেমিগুলোর কার্যক্রম শুরু হতে পারে।
