নেগ্রেইরা মামলা নিয়ে বার্সেলোনার বিরুদ্ধে প্রকাশ্য সংঘাতে জড়াতে প্রায় আড়াই বছর সময় নিয়েছেন রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। রেফারিদের টেকনিক্যাল কমিটির সাবেক সহসভাপতি হোসে মারিয়া এনরিকেজ নেগ্রেইরাকে বার্সেলোনার অর্থ প্রদানের খবর প্রকাশ্যে আসে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে। এরপর থেকেই বিষয়টি স্প্যানিশ ফুটবলের বড় বিতর্কে রূপ নেয়। মামলাটি এখনো আদালতে বিচারাধীন।
শুরুতে রিয়াল মাদ্রিদ আইনি প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থেকে তদন্ত শেষ হওয়ার অপেক্ষা করার অবস্থান নিয়েছিল। ২০২৩ সালের মে মাসে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে এই মামলার পক্ষভুক্ত হয়। তবে ২০২৪ সালের নভেম্বরে সাধারণ সভায় পেরেজ নিজে থেকে মামলার প্রসঙ্গ তোলেননি এবং প্রশ্নোত্তর পর্বে বার্সেলোনার সঙ্গে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেছিলেন, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের অবশ্যই সহযোগিতা করতে হবে। আমরা কেন রাগ করব?
কিন্তু এক বছরের মধ্যেই সেই সুর বদলে যায়। ২০২৫ সালের নভেম্বরের সাধারণ সভায় পেরেজের বক্তব্যে মূল বিষয় হয়ে ওঠে নেগ্রেইরা মামলা। নয়বার এর নাম উল্লেখ করেন তিনি। পরের মাসে বড়দিনের সংবাদ সম্মেলনে এটিকে ফুটবল ইতিহাসের সবচেয়ে গুরুতর কেলেঙ্কারি বলে আখ্যা দেন। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে পেরেজের নেতৃত্বাধীন ইউরোপিয়ান সুপার লিগ প্রকল্পের সমাপ্তিও বার্সেলোনার প্রতি ক্লাবের অবস্থান বদলের ইঙ্গিত দেয়।
সর্বশেষ গত ২১ নভেম্বর সাধারণ সভায় বক্তব্যের প্রায় ১২ মিনিট নেগ্রেইরা মামলা, বার্সেলোনা, স্প্যানিশ ফেডারেশন, রেফারি ও লা লিগার সমালোচনায় ব্যয় করেন পেরেজ। তিনি বলেন, আমি থামব না। নেগ্রেইরা মামলা শাস্তি ছাড়া পার পেতে পারে না। এ সময় রেফারিং সিদ্ধান্তের পরিসংখ্যান তুলে ধরে তিনি দাবি করেন, বার্সেলোনা ৮৬২টি ম্যাচে সংখ্যাগত সুবিধা পেয়েছে, আর রিয়াল মাদ্রিদ ৮০টি ম্যাচে সংখ্যাগত অসুবিধায় পড়েছে। পাশাপাশি ভিএআরে রিয়ালের ৪২টি গোলের বিপরীতে বার্সার ১৯টি গোল বাতিল হয়েছে। এর আগে মে মাসে সভাপতি নির্বাচনের ঘোষণা দেওয়ার সময়ও রেফারিং নিয়ে ক্ষোভ ঝেড়েছিলেন তিনি।
২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত সময়ে সহযোগিতার ডাক থেকে সরাসরি জবাবদিহি ও কড়া অবস্থানে পৌঁছে যাওয়া দুই চিরপ্রতিদ্বন্দ্বীর তিক্ত সম্পর্কের চিত্রই তুলে ধরে।
