সিনিয়রদের অনুপস্থিতিতে বাকিদের দায়িত্ব নেওয়ার আহ্বান কোচের

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১০:৫৮ PM

চোটের কারণে মুশফিকুর রহিম ও হাসান মাহমুদ ছিটকে যাওয়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাকি খেলোয়াড়দের দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কোচ ফিল সিমন্স। টেনিস এলবোর চোটে হাসান এবং কুঁচকির চোটে ছিটকে গেছেন মুশফিক। প্রথম টেস্টে ৯ উইকেটে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে সফরকারীরা।

সিমন্স বলেন, আমরা সর্বশেষ দুটি টেস্ট ম্যাচে দেখেছি, আরেক সিনিয়র খেলোয়াড় মুমিনুল না থাকায় হৃদয় এগিয়ে এসে দায়িত্ব নিয়েছে। আমরা সেভাবেই কাজ করার চেষ্টা করছি, তার জায়গায় যে-ই আসুক, সে এগিয়ে আসবে এবং আমরা যা করতে বলব তা-ই করবে। এ কারণেই তারা এখানে আছে। হাসান ছিটকে গেছে, তবে আমাদের হাতে আরও চারজন ফাস্ট বোলার আছে। তাই কাউকে না কাউকে তার কাজের চাপটা নিতে হবে।

সাম্প্রতিক অফ-ফর্মের মধ্যেও মুমিনুল হকের পাশে থাকার কথা জানিয়ে কোচ বলেন, রোববারের অনুশীলনের পর একাদশে তার থাকা না-থাকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ক্যারিয়ারে ১৩টি টেস্ট সেঞ্চুরি করা এই ব্যাটার প্রথম টেস্টে ০ ও ১ রান করেছেন। সর্বশেষ ১০ ইনিংসে কোনো ফিফটি পাননি তিনি এবং দক্ষিণ আফ্রিকায় তার ব্যাটিং গড় ১০-এর আশেপাশে। সিমন্স মনে করেন, কখনো কখনো কঠিন সময়ে খেলোয়াড়দের একটু বেশি সময় সমর্থন দিতে হয়। মুমিনুল কঠোর পরিশ্রম করে ফর্মে ফেরার চেষ্টা করছেন।

চার পেসার নিয়ে খেলার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি জানিয়ে কোচ বলেন, উইকেট দেখে ও কন্ডিশনের ওপর ভিত্তি করে দল সাজানো হবে।

প্রথম টেস্টের পর বোলারদের লাইন ও লেংথকে উন্নতির প্রধান জায়গা হিসেবে দেখছেন সিমন্স। তার মতে, বিশেষ করে অফ স্টাম্প ও চতুর্থ স্টাম্পের চ্যানেলে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের যথেষ্ট বল খেলাতে পারেননি বোলাররা।

সিমন্স বলেন, ১২২ রানে ৫ উইকেট হারানোর পর প্রথম ইনিংসে ৪০০ রান করাটা দারুণ ব্যাপার। তবে আমাদের আরও উন্নতি করতে হবে।