যুক্তরাষ্ট্রের শিকাগোতে এবার সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) স্থানীয় দুপুরে শিকাগো সিটি কর্তৃপক্ষ এ সড়কের নামফলক উন্মোচন করে।
এর প্রধান উদ্যোক্তা শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টু।
এর আগে ২০১৪ সালে তার উদ্যোগে শিকাগোতে জিয়াউর রহমানের নামে একটি সড়কের নামকরণ করেছিলেন। বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের এই উদ্যোগে পেছন থেকে সহযোগিতা করেছেন সাংবাদিক ও ব্যারিস্টার মাহাবুবুর রহমান।
এই প্রকল্পে উদ্যোক্তা টিমের সদস্য হিসেবে কাজ করেছেন শিকাগো বিএনপির ফাউন্ডার প্রেসিডেন্ট শাহ মোসাদ্দেক মিন্টু, বাংলাদেশ কমিউনিটি শিকাগোর প্রেসিডেন্ট শাহ মোশাররফ, শিকাগো বিএনপির আন্তর্জাতিক সম্পাদক হাদিউজ্জামান ভুইয়া ও অফিস সম্পাদক শাকির ভুইয়া।
গত ১৪ অক্টোবর শিকাগো নগর কর্তৃপক্ষ ডাউনটাউন শিকাগোর উইলিস টাওয়ারের (পূর্বনাম সিয়ার্স টাওয়ার) সামনে একটি সড়কের সম্মানসূচক নাম ‘গণতন্ত্রের মা- বেগম খালেদা জিয়া ওয়ে’ রাখার আনুষ্ঠানিক অনুমোদন দেয়।
উইলিস টাওয়ার শিকাগোর অন্যতম পরিচিত স্থাপনা। এই স্থাপনার সামনে সড়কটির নামকরণের ফলে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান সম্পর্কে জানার সুযোগ পাবেন।
এই উদ্যোগ সম্পর্কে শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টু কালবেলাকে বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতি ও অবদানকে সম্মান জানানোর যে অঙ্গীকার আমি দীর্ঘদিন ধরে লালন করে আসছি, এই দুটি উদ্যোগ তারই প্রতিফলন।’
তিনি আরও বলেন, ‘শিকাগোর বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির কাছে এই সড়কের নামকরণ বিশেষ তাৎপর্য বহন করে।’
