দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং পতিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান ঠেকাতে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) বিরোধী সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে সবাইকে এক মঞ্চে দাঁড়াতে হবে। এ সময় চব্বিশের মতো আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হওয়ার তাগিদ দেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তাঁবেদার অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী তিন দশক আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেওয়া ঐতিহাসিক স্লোগানটি স্মরণ করিয়ে দেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন- ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।’
আজ আবারও সেই একই আওয়াজ তুলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার আহ্বান জানান তিনি।
