বরিশাল নগরীতে অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। সোমবার (২১ সেপ্টেম্বর) নগরের সদর রোডস্থ কার্যালয়ে ‘রহমাতুল্লাহ সমাজকল্যাণ সংস্থা’-এর উদ্যোগে অসহায় নারীদের হাতে এই সেলাই মেশিন তুলে দেন তিনি।
এসময় নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন বলে জানিয়েছেন আবু নাসের রহমাতুল্লাহ। তিনি বলেন, নারীরা পরিবারের পাশাপাশি সমাজ ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের স্বাবলম্বী করে তুলতে কর্মমুখী ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলা প্রয়োজন।
প্রধানমন্ত্রী নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণের পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও এ বিষয়ে কাজ করার নির্দেশনা দিয়েছেন বলেও জানান রহমাতুল্লাহ। তিনি বলেন, একটি সেলাই মেশিন একজন নারীর জন্য শুধু একটি যন্ত্র নয়; এটি তার নিজের পায়ে দাঁড়ানোর এবং পরিবারের আর্থিক সহযোগিতায় ভূমিকা রাখার একটি সুযোগ। অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের পাশে দাঁড়িয়ে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন।
অনুষ্ঠানে পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জবেদা বেগম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য নাজমুস সাকিব, সদর উপজেলা বিএনপির সদস্য মনির হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইলিয়াস আহমেদ, বিএম কলেজ ছাত্রদল নেতা আকবর মুবীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
