ব্যালন ডি’অর জিতে যে আক্ষেপের কথা জানালেন হ্যারি কেইন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৫ নভেম্বর ২০২৬, ০২:১৮ এএম

ফুটবল ইতিহাসের দুই মহারথী লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর বিপক্ষে মাঠে লড়াই করার সুযোগ পেলেও, তাদের সঙ্গে বা প্রতিপক্ষ হিসেবে স্প্যানিশ লিগে একই মঞ্চে খেলার সুযোগ না পাওয়ার আক্ষেপ রয়ে গেছে বর্তমান সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার হ্যারি কেইনের। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্প্যানিশ ফুটবল ও দুই কিংবদন্তির প্রতি নিজের মুগ্ধতার কথা প্রকাশ করার পাশাপাশি এই আক্ষেপের কথা জানান ৩৩ বছর বয়সী এই ইংলিশ ফরোয়ার্ড।

একসময় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের হয়ে রাজত্ব করেছেন মেসি ও রোনালদো। এল-ক্লাসিকো তো বটেই, দুই তারকা ফুটবলারের লড়াইও জমে উঠত। লা লিগার সেই পুরোনো ঐতিহ্যের কথা স্মরণ করে কেইন বলেন, ‘ছোটবেলা থেকেই স্পেনের জাতীয় দল আমাকে মুগ্ধ করত। ইউরো ও বিশ্বকাপ জয়ের পাশাপাশি মেসি, রোনালদোসহ তারকাদের নিয়ে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের খেলাও আমাকে আকৃষ্ট করত। স্প্যানিশ ফুটবল সব সময়ই উচ্চমানের।’

আন্তর্জাতিক ও ক্লাব পর্যায়ে মেসি-রোনালদোর মুখোমুখি হওয়ার সুযোগ মিললেও স্পেনের কোনো ক্লাবে খেলার সুযোগ কখনো হয়ে ওঠেনি তার। আক্ষেপ প্রকাশ করে কেইন বলেন, ‘সত্যি বলতে, স্পেনে খেলার সুযোগ কখনোই হয়নি। অতীতে সুযোগ পেলে অবশ্যই আমার ভালো লাগতো। তবে প্রত্যেকের ক্যারিয়ারই ভিন্ন পথে এগোয়।’ বর্তমানে বায়ার্ন মিউনিখে নিজের পথচলা ও সাফল্য নিয়ে যে তিনি দারুণ খুশি, সেটিও পুনর্ব্যক্ত করেন ইংলিশ অধিনায়ক। বায়ার্নের সঙ্গে ২০২৭ সালের পরও চুক্তি বাড়ানোর আলোচনা এগিয়ে নিচ্ছেন তিনি।

নিজের ক্যারিয়ারের এই উচ্চতায় পৌঁছানোর পেছনে কোচ হোসে মরিনিওর অবদানের কথা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন কেইন। রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ মরিনিওর সঙ্গে অতীতের এক কথোপকথন তার খেলায় ইতিবাচক পরিবর্তন এনেছিল বলে জানান তিনি। ইংলিশ অধিনায়কের মতে, ক্যারিয়ারের একটি পর্যায়ে তিনি বুঝতে পেরেছিলেন, আরও উচ্চতায় পৌঁছানোর সামর্থ্য তার রয়েছে। বায়ার্নের ম্যাচ দেখে এই ক্লাবে যোগ দেওয়ার সম্ভাবনা উপলব্ধি করেছিলেন বলে উল্লেখ করেন কেইন।

বায়ার্নের জার্সিতে ১৬০ ম্যাচে ১৫৬ গোলের মালিক কেইন ইতোমধ্যে বুন্দেসলিগা, ডিএফবি পোকাল ও জার্মান সুপার কাপ জিতেছেন। তবে ক্লাবের বা জাতীয় দলের হয়ে এখনো চ্যাম্পিয়নস লিগ বা কোনো বড় শিরোপা জিততে না পারাটাই তার ক্যারিয়ারের বড় আক্ষেপ। একের পর এক শিরোপার কাছাকাছি গিয়েও জিততে না পারা কেইন গত ২৬ অক্টোবর লন্ডনের উৎসবমুখর রাতে প্রথমবারের মতো জেতেন ব্যালন ডি’অর। 

সেই স্মৃতচারণ করে কেইন বলেন, ‘দলীয় ট্রফি এই খেলায় অনেক গুরুত্বপূর্ণ। ব্যালন ডি’অর জেতা আমার জীবনের অন্যতম সেরা অনুভূতি ছিল। বিশেষ একটি রাত কাটিয়েছি। তবে চ্যাম্পিয়নস লিগ জেতা হবে অবিশ্বাস্য অভিজ্ঞতা। আমি দুটিই জিততে চাই।’

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন