অসুস্থ বাংলাদেশের কোচ, ক্যান্সার নিয়ে ধোয়াশা!

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬, ০৫:২০ এএম

সিঙ্গাপুরের বিপক্ষে দুই প্রীতি ম্যাচের প্রস্তুতির মাঝেই প্রধান কোচ পিটার বাটলার চিকিৎসার জন্য ইংল্যান্ড গেছেন। শুরুতে খবর ছিল টিউমারের আশঙ্কার। এখন পরিস্থিতি আরও গুরুতর—ধারনা করা হচ্ছে বাটলার ক্যানসারে আক্রান্ত।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল স্থানীয় এক গণমাধ্যমকে বলেছেন, ‘পিটার বাটলার ক্যান্সারে আক্রান্ত।’ কথায় সহানুভূতির সঙ্গে অনিশ্চয়তাও স্পষ্ট। দ্রুত সেরে ওঠাই ফেডারেশনের চাওয়া, কিন্তু শারীরিক অবস্থায় তিনি দায়িত্ব চালিয়ে যেতে পারবেন কি না, সে নিশ্চয়তা এখনো আসেনি। ইংল্যান্ড থেকে মুঠোফোনে এক সংবাদমাধ্যমকে বাটলার নিজে বলেছেন, ‘আমি সত্যি ভালো নেই।’ যদিও নারী দল সংশ্লিষ্ট সূত্রগুলো এখনো নিশ্চিত করতে পারেনি—বাটলারে ক্যান্সার আক্রান্ত। নারী দলের ম্যানেজার খালিদ মাহমুদ নওমী কালবেলাকে বলছিলেন, ‘ক্যান্সার বলে ধারনা করা হচ্ছে। কিন্তু এটা নিশ্চিত হতে হলে অপেক্ষা করতে হবে।’

বাফুফে সূত্রের খবর, ক্যাম্প শেষ করে যাওয়ার ইচ্ছা থাকলেও পরিবার ও স্ত্রীর অনুরোধে তিনি তাৎক্ষণিক রওনা হন। ফেরার সময়ও অনিশ্চিত। বাফুফের মিডিয়া বিভাগ জানিয়েছেন, চিকিৎসা শেষে বাটলার ইংল্যান্ড থেকে ঢাকায় ফিরবেন, কবে ফিরতে পারবেন তা নির্ভর করছে শারীরিক সুস্থতার ওপর। ডিসেম্বরেই বাফুফের সঙ্গে এই কোচের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে।

মাঠের কাজ চলছে তাকে ছাড়াই। সহকারী কোচ আবুল হোসেন ও লিনা চাকমা অনুশীলন ও দৈনন্দিন কার্যক্রম সামলাচ্ছেন, আর হোয়াটসঅ্যাপে পাঠানো বাটলারের নির্দেশনা অনুসরণ করছেন। সামনে বড় পরীক্ষা। ১ ও ৫ ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে দল, আর ম্যাচের আগে বাফুফে অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগের প্রস্তুতি নিচ্ছে। আলোচনায় আছেন উয়েফা লাইসেন্সধারী ফরাসি কোচ এরিক মেয়ার, যার ঢাকায় এসে দায়িত্ব নেওয়ার কথা। এ নিয়ে বাফুফের চূড়ান্ত ঘোষণা এখনো আসেনি।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন