অ্যাস্টন ভিলাকে নিয়ে বাজে মন্তব্য, ক্যারাগারের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ এএম

স্কাই স্পোর্টসের ফুটবল বিশেষজ্ঞ ও সাবেক ইংলিশ তারকা জেমি ক্যারাগারের ‘অগ্রহণযোগ্য মন্তব্য ও অপমানজনক’ কথার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে অ্যাস্টন ভিলা। ক্লাবটির সহ-মালিক ও পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নাসেফ সাবিহা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে প্রকাশিত এক বিবৃতিতে সাবিহা বলেন, অ্যাস্টন ভিলা ও তার সমর্থকদের প্রতি ক্যারাগারের অগ্রহণযোগ্য মন্তব্যের কারণে তার বিরুদ্ধে আমরা আইনি আইনি প্রক্রিয়া শুরু করতে যাচ্ছি। ইংলিশ ও ইউরোপীয় ফুটবলে ক্লাবের এগিয়ে যাওয়ার যে অগ্রযাত্রা, তাতে কাউকে বাধা সৃষ্টি করতে দেবে না অ্যাস্টন ভিলা।

ঘটনার সূত্রপাত ক্যারাগারের একটি মন্তব্য ঘিরে। ‘স্টিক টু ফুটবল’ পডকাস্টে কথা বলার সময় ক্যারাগার অ্যাস্টন ভিলার সমর্থকদের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য করেন। তিনি ম্যানচেস্টার ইউনাইটেডকে ভিলার বর্তমান সফল কোচ উনাই এমেরিকে নিয়োগ দেওয়ার পরামর্শ দেন এবং দাবি করেন, মাইকেল ক্যারিক বরখাস্ত হলে ওল্ড ট্রাফোর্ডে যাওয়ার এই সুযোগ এমেরি কখনই হাতছাড়া করবেন না।

ভিলার সমর্থকদের একপ্রকার চুপ থাকার পরামর্শ দিয়ে ক্যারাগার আরও বলেন, অ্যাস্টন ভিলা কখনই ম্যানচেস্টার ইউনাইটেড হতে পারবে না। ফুটবলে একটা নির্দিষ্ট শক্তিমত্তা বা স্তরের বিন্যাস রয়েছে, যা মেনে নিতেই হবে। যেমন রিয়াল মাদ্রিদ ম্যানইউর সেরা খেলোয়াড়কে ছিনিয়ে নেয়। যেমনটা তারা রোনালদোর ক্ষেত্রে করেছিল, তেমনি ভিলার চেয়েও ছোট ক্লাব তাদের ফুটবলার বা কোচকে নিয়ে যেতে পারে। তাই অ্যাস্টন ভিলার সমর্থকেরা, এবার অন্তত চুপ করুন!

ক্যারাগারের এমন মন্তব্যে ভিলা পার্কের অন্দরমহল ও সমর্থকদের মাঝে প্রচণ্ড অসন্তোষ ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শুক্রবার ‘ওভারল্যাপ ডেইলি’ অনুষ্ঠানে সুর নরম করার চেষ্টা করেন ক্যারাগার। নিজের মন্তব্য রসিকতা ছিল দাবি করে তিনি বলেন, বিষয়টিকে অতিরিক্ত বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তারা যেভাবে আমাকে আক্রমণ করছিল, তাই হয়তো ক্ষোভের বশে ওই বাক্যটি বলে ফেলেছিলাম। সমর্থকদের উদ্দেশ্যে এটুকুই বলতে চেয়েছিলাম, তারা যেন আমার ব্যক্তিগত অ্যাকাউন্টে আমাকে বিরক্ত না করেন। তবে এই বিতর্কের অবসান হওয়া দরকার, কারণ আমি নিজেও অ্যাস্টন ভিলার অন্যতম বড় ভক্ত।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন