‘আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই’

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৬ জুন ২০২৬, ১১:২৮ এএম

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলেও অন্য শাখা চলতে বাধা নেই।

মঙ্গলবার (১৬ জুন) সকালে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে হাম চিকিৎসা প্রোটোকল ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শুধু প্যাথলজির নয়, মগবাজার আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। তবে আদ-দ্বীন হাসপতালের অন্য শাখা থাকলে তা চলতে বাধা নেই।

মো. সাখাওয়াত হোসেন বলেন, বদ্ধ ঘরে অক্সিজেনের অভাবে মারা গেছে আদ-দ্বীন হাসপাতালের শিশুরা। অবহেলা ছিল ডাক্তার, নার্স এবং হাসপাতাল কর্তৃপক্ষের। তাই ও ছয় শিশুর মৃত্যুর দায় নিতেই হবে হাসপাতাল কর্তৃপক্ষকে। এই অপরাধের শাস্তি হিসেবে কেবল হাসপাতালের নিবন্ধন বাতিল করা হয়েছে। কেউ অপরাধ করলে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পার পেয়ে যাওয়ার সুযোগ নেই।

এ সময় স্বাস্থ্যসেবা খাতে রোগীদের সেবার মান বৃদ্ধি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তবে ডাক্তার ও নার্সদের সহযোগিতায় হামের বিরুদ্ধে শক্ত দেয়াল তৈরি করতে সরকার সক্ষম হয়েছে বলে জানান তিনি। সেইসঙ্গে নিষ্ঠার সঙ্গে কাজ করতে সব ডাক্তারকে আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর