আফগানিস্তানের কান্দাহারে ক্রিকেট সম্প্রচারে তালেবানের নিষেধাজ্ঞা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ১০:১৬ PM

আফগানিস্তানের কান্দাহারে ক্রিকেট নিয়ে খবর ও ধারাভাষ্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে তালেবান কর্তৃপক্ষ। দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশটির রেডিও স্টেশনগুলোকে ক্রিকেটসংক্রান্ত কোনো খবর, ম্যাচের ধারাভাষ্য কিংবা খেলার ফলাফল সম্প্রচার না করার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে সম্প্রচারকর্মী ও প্রাদেশিক এক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার (১৪ নভেম্বর) কান্দাহারের তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে স্থানীয় রেডিও স্টেশনগুলোকে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়। বিভাগটির এক কর্মকর্তা এএফপিকে নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘ক্রিকেট নিয়ে ধারাভাষ্য ও সংবাদ প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এমনকি কোনো দল জিতলে সেই ফলাফল নিয়েও প্রতিবেদন করা যাবে না।’

স্থানীয় দুটি রেডিও স্টেশনের ব্যবস্থাপকও নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন। নিরাপত্তার কারণে নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, ক্রিকেটসংক্রান্ত কোনো কিছু সম্প্রচার না করতে প্রাদেশিক কর্তৃপক্ষের কাছ থেকে ফোনে নির্দেশনা পেয়েছেন।

তালেবান প্রশাসন প্রকাশ্যে ক্রিকেটের প্রতি সমর্থন জানিয়ে আসলেও এমন নিষেধাজ্ঞা দেওয়া হলো। ক্ষমতায় ফেরার বর্ষপূর্তি উপলক্ষে গত আগস্টেও ক্রিকেট ম্যাচের আয়োজন করেছিল কর্তৃপক্ষ।

এদিকে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কাছে এ বিষয়ে মন্তব্য জানতে চেয়েছিল এএফপি। তবে তাৎক্ষণিকভাবে কোনো জবাব পাওয়া যায়নি।

ক্রিকেটের পাশাপাশি অন্যান্য কিছু খেলাধুলার ওপরও বিধিনিষেধ আরোপ করেছে তালেবান প্রশাসন। এর মধ্যে মিক্সড মার্শাল আর্ট নিষিদ্ধ করা হয়েছে।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের শারজায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলছে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল।

সূত্র: দ্য কাবুল ট্রিবিউন