আর রাস্তায় বের হয়ো না, খোদার কসম ছাড়ব না কিন্তু: যুবদল নেতা নয়ন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ PM

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন হুঁশিয়ার করে বলেছেন, খুনি হাসিনার দলের নেতাকর্মীদের জন্য আমার দক্ষিণ যুবদলের নেতাকর্মীদের মানবতার দরজা বন্ধ হয়ে গিয়েছে। যদি কেউ বাঁচতে চাও, আর রাস্তায় বের হয়ো না।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানী ঢাকার নয়াপল্টনে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিক্ষোভ মিছিলে এ মন্তব্য করেন তিনি।

নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ করে নয়ন বলেন, আর রাস্তায় বের হয়ো না। অন্তত ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের ভিতরে। খোদার কসম ছাড়বো না কিন্তু।

তিনি আরও বলেন, আজকেও কয়েকজন লোককে ধরার পর আমি রক্ষা করেছি। রাতের অন্ধকারে যে আগুন দিতে আসছে, তারা কিন্তু ধরা খাবেই।

যুবদলের এই নেতা আরও বলেন, কিছু সুশীল আছে যারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ করেছেন এবং বিএনপির সময় বিএনপি করে নিজেদের সেফ করার চেষ্টা করছেন। আপনারা সেফ হতে পারবেন না। স্বৈরাচার হাসিনার দলের জন্য বাংলাদেশের মানুষের মানবতার দরজা বন্ধ হয়ে গেছে।