‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’ কর্মসূচি দিলে জামায়াত-এনসিপিকে সমর্থন জানাব: রাশেদ খাঁন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ PM

জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’ কর্মসূচির ঘোষণা দিলে তাতে সমর্থন জানানোর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্মকাণ্ড ও সেখানকার পরিস্থিতি নিয়ে সমালোচনা করে তিনি এ কর্মসূচির পক্ষে নিজের অবস্থান তুলে ধরেছেন।

বুধবার (১৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে করা পোস্টে তিনি এ কথা জানান।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লিখেছেন, টুঙ্গিপাড়ার আওয়ামী সন্ত্রাসীদের নাশকতার কারণে সাধারণ মানুষের জন্য গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি, চিকিৎসা, ব্যাংকিং, আইনি, পুলিশি ও শিক্ষা সেবা সরবরাহ করা কঠিন হয়ে পড়েছে। সামনে হয়তো নিত্যপণ্যের সরবরাহও বন্ধ হয়ে যাবে এবং শপিংমল ও দোকানপাট খোলা রাখতে সাহস করবেন না ব্যবসায়ীরা।

এভাবে চলতে থাকলে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের শাসনামলের মতো ’৭৪-এর দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলেও মন্তব্য করেন তিনি। রাশেদ খাঁন বলেন, তখন টুঙ্গিপাড়ার লোকজনই আওয়ামী সন্ত্রাসীদের খামচে ধরবে এবং বলবে, ‘ভাত দে হারামজাদা নইলে তোদের শেখ হাসিনাকে ফিরিয়ে আনার স্বপ্নের গুষ্টি মারবো!’

তিনি আরও বলেন, বিএনপি সরকার কোনো হতাহতের ঘটনায় বিশ্বাস করে না। গুম, খুন, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিএনপি দীর্ঘ ১৬ বছর সংগ্রাম করেছে। এ কারণে টুঙ্গিপাড়ার পরিস্থিতি ধৈর্য ধরে মোকাবিলা করতে হচ্ছে। আওয়ামী সন্ত্রাসীদের মোকাবিলায় সেখানকার সাধারণ মানুষকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। অন্যথায় এই এলাকার মানুষ চিরস্থায়ী সমাধান পাবে না।

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের পরিস্থিতি উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, তখন এনসিপির নেতাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এপিসিতে উদ্ধার করে আনতে গিয়েও হতাহতের ঘটনা ঘটেছিল। তবে বছর বছর হতাহতের ঘটনা ঘটিয়ে কোনো চিরস্থায়ী সমাধান করা যাবে না।

এ কারণে টুঙ্গিপাড়ার মানুষের মস্তিষ্কের মধ্যেই সমাধান খুঁজতে হবে বলে মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, মানুষের পেটে বেশি করে টান লাগলেই তারা বুঝবে যে আওয়ামী দুর্বৃত্তদের নাশকতা বন্ধ করা দরকার।

তিনি আরও বলেন, অন্যথায় টুঙ্গিপাড়ায় সরকার কঠোর হস্তে আওয়ামী নাশকতা দমন শুরু করলে কোনোভাবে হতাহতের ঘটনা ঘটলে সেটিকে পুঁজি করে দেশে ও আন্তর্জাতিক মহলে আবারও বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড শুরু হয়েছে বলে রাজনীতি করা হবে। বিএনপি সরকার সেই দায় নিয়ে রাজনীতি করতে চায় না।

আওয়ামী নৈরাজ্য ধৈর্য ধরে রাজনৈতিকভাবেই মোকাবিলা করতে হবে উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, বিরোধী দল বিএনপি সরকারের বিরুদ্ধে অনেক লংমার্চ করেছে। এবার জামায়াত-এনসিপির পক্ষ থেকে ‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’ কর্মসূচির ঘোষণা দেওয়া যেতে পারে।

তিনি বলেন, ‘আমিও এই কর্মসূচিকে সাধুবাদ ও সমর্থন জানাব, ইনশাআল্লাহ।’