ইউনিসেফকে চ্যালেঞ্জ ইউনূসের সাবেক বিশেষ সহকারীর

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২০ মে ২০২৬, ১০:০০ পিএম

টিকা সংকটের ফলে হামের প্রাদুর্ভাবের বিষয়ে উদ্বেগ জানিয়ে অন্তর্বর্তী সরকারকে ১০ বার বৈঠকে সতর্ক ও পাঁচবার চিঠি দেওয়ার দাবি করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। তবে সংস্থাটির দেওয়া বক্তব্য অস্বীকার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাবেক বিশেষ সহকারী (স্বাস্থ্য) অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

বুধবার (২০ মে) রাতে ইউনিসেফের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান।

সায়েদুর রহমান বলেন, ইউনিসেফের সঙ্গে হামের টিকা নিয়ে সুনির্দিষ্ট কোনো আলোচনা হয়নি। ২০২৫ সালে হামের টিকার অভাবে কোনো মানুষ ফিরে গেছেন বলে জানা যায় না। এমনকি টিকার কাভারেজেও সেটা প্রতিফলিত হয়।

তিনি বলেন, বিশেষ ক্যাম্পেইন সম্পর্কিত সিদ্ধান্ত ইন্টার-এজেন্সি কো-অর্ডিনেশন কমিটি কর্তৃক নেওয়া হয়, যেখানে ইউনিসেফ ও এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা থাকেন। ইউনিসেফের পক্ষ থেকে করা যোগাযোগগুলোয় ‘হামের প্রাদুর্ভাব’ নিয়ে কোনো কিছুই উল্লেখ ছিল না।

এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাবেক এই বিশেষ সহকারী।

এর আগে বুধবার (২০ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স জানিয়েছেন, বাংলাদেশে দীর্ঘ সময় ধরে হামের রুটিন টিকার সংকট ছিল। ২০১৯ সাল থেকে শুরু করে বিগত অন্তর্বর্তী সরকার ও বর্তমান সরকারকে এ বিষয়ে ১০ বার সতর্ক ও পাঁচবার চিঠি দেওয়া হয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর