ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০৫ এএম

কিশোরগঞ্জের হোসেনপুরে ‘বন্ধ থাকার কথা’ একটি ইটভাটায় দেয়াল ধসে প্রাণ গেছে দুই শ্রমিকের। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই শ্রমিক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার পুমদী ইউনিয়নের মায়ের দোয়া ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় গত বছর ভাটাটিকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। ভাটাটি বন্ধ থাকার কথা থাকলেও কীভাবে সেখানে কাজ চলছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

নিহতরা হলেন, উপজেলার দক্ষিণ চরপুমদী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া (২০) ও একই গ্রামের সফুর উদ্দিনের ছেলে গোলাপ মিয়া (৬০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ইটভাটায় কাজ করার সময় হঠাৎ কিলন বা চিমনির পাশের দেয়াল ধসে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান উৎপল ও গোলাপ। এ সময় গুরুতর আহত হন আরও দুই শ্রমিক, আন্নাছ মিয়া ও হৃদয় মিয়া।

আহত আন্নাছ মিয়া লোকমান হোসেনের ছেলে এবং হৃদয় মিয়া হাদিস মিয়ার ছেলে। তাদের উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম। তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এদিকে কিশোরগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মমিন ভূঁইয়া জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নেওয়ায় গত বছর মায়ের দোয়া ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। ভাটাটি বর্তমানে বন্ধ থাকার কথা। তবে কীভাবে সেখানে আবার কার্যক্রম শুরু হয়েছে, সে বিষয়ে তাদের জানা নেই।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন