২৪ ঘণ্টা বন্ধ থাকবে প্রি-পেইড মিটারের রিচার্জ সেবা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৪ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পিএম

প্রি-পেইড মিটার ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)। সিস্টেমের আধুনিকায়ন ও আপগ্রেডেশনের কাজের কারণে টানা ২৪ ঘণ্টা বন্ধ বা বিঘ্নিত হতে পারে প্রি-পেইড মিটারের রিচার্জ সেবা। 

এ সময়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে আগেভাগেই মিটারে পর্যাপ্ত ব্যালেন্স জমা রাখার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। বুধবার (৪ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে ডেসকোটি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রি-পেইড সিস্টেমের আধুনিকায়ন ও আপগ্রেডেশনের কাজের জন্য আগামী ৫ নভেম্বর (বৃহস্পতিবার) রাত ১০টা থেকে ৬ নভেম্বর (শুক্রবার) রাত ১০টা পর্যন্ত রিচার্জ সেবা সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে। এ সময় বিশেষ করে যেসব প্রি-পেইড মিটারের নম্বর ৩ দিয়ে শুরু, সেসব মিটারে রিচার্জ করতে সমস্যার সম্মুখীন হতে পারেন গ্রাহকরা।

এ পরিস্থিতিতে সম্ভাব্য ভোগান্তি এড়াতে নির্ধারিত সময় শুরুর আগেই প্রয়োজন অনুযায়ী মিটারে টাকা রিচার্জ করে রাখার অনুরোধ জানিয়েছে ডেসকো। পর্যাপ্ত ব্যালেন্স না থাকলে রিচার্জ সেবা বিঘ্নিত হওয়ার সময় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া রিচার্জসংক্রান্ত যে কোনো তথ্য বা প্রয়োজনে ডেসকোর হটলাইন ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে পারবেন গ্রাহকরা।

উল্লেখ্য, সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে ডেসকো কর্তৃপক্ষ।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন