ইতালির সঙ্গে নিরাপদ অভিবাসনে বিস্তৃত ক্ষেত্র রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী 

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫২ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশের জন্য ইতালি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উন্নয়ন অংশীদার এবং দেশটির সঙ্গে নিরাপদ অভিবাসন ও সহযোগিতার বিস্তৃত ক্ষেত্র রয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে রাজধানী ঢাকার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতালিতে বসবাসরত বিশাল সংখ্যক বাংলাদেশি প্রবাসী রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এ কারণে বাংলাদেশ সরকার ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে এবং অদূর ভবিষ্যতে এই দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বলেন, ইতালি দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কেবল চলমান রাখতেই আগ্রহী নয় বরং এটিকে আরও বিস্তৃত করতে বদ্ধপরিকর। বিশেষ করে অভিবাসন ইস্যুটি বর্তমান ইতালীয় সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে।

রাষ্ট্রদূত আরও জানান, আগামী জুন মাস থেকে ইতালিতে নতুন অভিবাসন নীতি কার্যকর হতে যাচ্ছে। এটি চালু হলে নিরাপদ অভিবাসন প্রক্রিয়া নিশ্চিত করা সহজ হবে এবং একই সঙ্গে অবৈধ অভিবাসন প্রতিরোধ ও সংশ্লিষ্টদের প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুততর করার ক্ষেত্রে বড় ধরনের গতি আসবে।

বৈঠকে দুই দেশের মধ্যে নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং দক্ষ কর্মী পাঠানোর বিষয়ে গত বছরের জুলাই মাসে বাংলাদেশে অনুষ্ঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভার প্রসঙ্গ উঠে আসে। রাষ্ট্রদূত জানান, এই জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের পরবর্তী সভা ইতালিতে অনুষ্ঠিত হবে যা দুই দেশের শ্রমবাজার ও অভিবাসন ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল করবে।

সাক্ষাৎকারে রাষ্ট্রদূত ইতালির ইন্টেরিয়র মিনিস্টারের পক্ষ থেকে পাঠানো একটি অভিনন্দন পত্র স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেন এবং আনুষ্ঠানিকভাবে মন্ত্রীকে ইতালি সফরের আমন্ত্রণ জানান। 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর