বার্সেলোনার স্প্যানিশ সেনসেশন লামিনে ইয়ামালের পারিবারিক পদবি নিয়ে এক অবাক করা তথ্য প্রকাশ করেছেন তার বাবা মুনির নাসরাউই। ফুটবলপ্রেমীদের অনেকেরই ধারণা, ‘ইয়ামাল’ হয়তো তার পারিবারিক উপাধি বা সারনেম। তবে সম্প্রতি বিষয়টি পরিষ্কার করে তিনি জানিয়েছেন, এটি আসলে তার ছেলের কোনো পদবি নয়।
স্প্যানিশ লিগে গত শনিবার আলাভেসের বিপক্ষে বার্সেলোনার ৬-১ গোলের বড় জয়ের পর মাঠের বাইরে এক লাইভ সম্প্রচারে এই তথ্য জানান মুনির নাসরাউই। বার্সেলোনা জার্সিতে নিজের দুর্দান্ত ফর্ম ধরে রাখা ১৯ বছর বয়সী তারকার বাবা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এবং ছেলের সাফল্যে নিয়মিত উচ্ছ্বাস প্রকাশ করে থাকেন।
সামাজিক মাধ্যমে দেওয়া সেই বার্তায় মুনির বলেন, আমি আপনাদের এমন একটি সত্যি জানাতে চাই, যা অনেকেই ভুল বোঝেন। লামিনে ইয়ামাল কোনো পারিবারিক পদবি নয়। তার আসল পারিবারিক পদবি হলো নাসরাউই এবানা। বিষয়টি আপনারা পরিষ্কারভাবে জেনে রাখুন, যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয়।
২০০৭ সালের জুলাইয়ে বার্সেলোনার শহরতলিতে জন্ম নেওয়া লামিনে ইয়ামালের বাবা মুনির নাসরাউই মরক্কোর এবং মা শেইলা এবানা বিষুবীয় গিনির মানুষ। বর্তমানে বিশ্বফুটবলের অন্যতম উজ্জ্বল নক্ষত্র ইয়ামাল সম্প্রতি ব্যালন ডি’অর র্যাংকিংয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন।
