যুক্তরাজ্য থেকে আফগান প্রিমিয়ার লিগের ড্রাফটে মোহাম্মদ আমির

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পিএম

পাকিস্তানের সাবেক তারকা পেসার মোহাম্মদ আমির আগামী আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন। আগামী মঙ্গলবার (৩ নভেম্বর) দুবাইতে এপিএলের এই ড্রাফট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৩৩ বছর বয়সী এই বাঁহাতি পেসার বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন। ইতোমধ্যে দেশটির নাগরিকত্ব লাভ করেছেন বলে জানা গেছে।

তবে এপিএলের ড্রাফট তালিকায় তাকে যুক্তরাজ্যে বসবাসকারী পাকিস্তানি নাগরিক হিসেবেই উল্লেখ করা হয়েছে। ড্রাফটে সর্বোচ্চ ‘প্লাটিনাম’ ক্যাটাগরিতে স্থান পেয়েছেন আমির।

ধারণা করা হচ্ছে, ব্রিটিশ পাসপোর্ট কাজে লাগিয়ে আমির আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ছোট নিলামেও নিজের নাম তুলতে পারেন। অতীতে এমন নজির দেখা গেছে। রাজনৈতিক কারণে পাকিস্তানি ক্রিকেটারদের ওপর নিষেধাজ্ঞা থাকলেও সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদ ব্রিটিশ পাসপোর্ট ব্যবহার করে ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত কিংস ইলেভেন পাঞ্জাব ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন। 

আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএল নিলামে আমিরের প্রতি কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায় কি না, তা নিয়ে তৈরি হয়েছে দারুণ কৌতূহল।

পাকিস্তানের হয়ে ৩৬টি টেস্ট, ৬১টি ওয়ানডে ও ৬২টি টি-টোয়েন্টি খেলা আমির সবশেষ ২০২৪ সালের জুনে দেশের হয়ে মাঠ নামেন। লাউডারহিলে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচের পর আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি তাকে।

এদিকে এপিএলের এই ৪৬২ জনের ড্রাফটে নাম লিখিয়েছেন আন্তর্জাতিক ও সব ধরনের ক্রিকেট থেকে সম্প্রতি অবসর নেওয়া ভারতের দুই ক্রিকেটার বিজয় শংকর ও কেএস ভারত। ড্রাফটে বিজয় শংকর ও মুরুগান অশ্বিনকে ভারতীয় এবং ভারতকে সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী ভারতীয় খেলোয়াড় হিসেবে দেখানো হয়েছে। তাদের স্থান হয়েছে ‘গোল্ড’ ক্যাটাগরিতে। এছাড়া উন্মুক্ত চাঁদ (যুক্তরাষ্ট্র), রাহুল চোপড়া (ইউএই) ও আয়ান খানের (ওমান) মতো একাধিক ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটারও এই ড্রাফটের তালিকায় স্থান পেয়েছেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন