লেবাননের দক্ষিণাঞ্চলীয় জিবদিন গ্রামে ইসরায়েলি বাহিনীর এক ভয়াবহ ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী কর্মী নিহত হয়েছেন। সোমবারের (১১ মে) এই হামলায় তাদের সঙ্গে এক সিরীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছেন দক্ষিণ লেবাননে অবস্থানরত সংবাদদাতারা। নিহত দুই বাংলাদেশি হলেন মোহাম্মদ নাহিদুল ইসলাম নাহিদ ও শফিকুল ইসলাম। দুজনেরই বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলায় বলে জানা গেছে। তারা ওই এলাকায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
লেবাননে বাংলাদেশি দূতাবাস জানায় এ ঘটনায় নিহত শফিকুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার বাসিন্দা আফসার আলীর ছেলে এবং মো. নাহিদুল ইসলাম আশাশুনি উপজেলার কাদাকাটি এলাকার আব্দুল কাদেরের ছেলে।
দূতাবাস জানায়, আবাসস্থলে অবস্থানকালে ইসরায়েলি বিমান হামলায় তারা প্রাণ হারান। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করে দূতাবাস নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। বর্তমানে নিহত ব্যক্তিদের মরদেহ নাবাতিয়ার নাবিহ বেররী হাসপাতালে রাখা হয়েছে বলে জানানো হয়েছে। লেবাননে বাংলাদেশ দূতাবাস প্রয়োজনীয় আইনি ও কনস্যুলার কার্যক্রম সম্পন্ন করে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া নিয়ে কাজ করছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, জিবদিন গ্রামের একটি বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন থেকে সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হামলার সময় ওই তিন ব্যক্তি বাড়িতে অবস্থান করছিলেন অথবা বাড়ির কাছাকাছি কাজ করছিলেন।
তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের ফলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এই হামলার মাধ্যমে জিবদিন গ্রামে একই দিনে দ্বিতীয়বারের মতো আক্রমণ চালাল ইসরায়েলি বাহিনী।
লেবানন ও ইসরায়েল সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে এই প্রাণহানির ঘটনা প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোক ও আতঙ্ক সৃষ্টি করেছে। নিহত বাংলাদেশি কর্মীদের বিস্তারিত পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় প্রায়ই ইসরায়েলি বিমান ও ড্রোন হামলা চালানো হচ্ছে, যার শিকার হচ্ছেন সাধারণ বেসামরিক নাগরিক ও সেখানে কর্মরত বিদেশি শ্রমিকরা।
সূত্র: লরিয়েন্ট টুডে।
