বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার ব্যাংকটির চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান পদত্যাগ করার পরপরই বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নেয়। কেন্দ্রীয় ব্যাংকের পাঠানো এক চিঠিতে ইসলামী ব্যাংককে নতুন চেয়ারম্যান নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে খুরশীদ আলমকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ দেয় সরকার। তবে ওই বছরের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন চার কর্মকর্তার সঙ্গে তাকেও পদত্যাগ করতে হয়। প্রায় নয় মাস পর আবারও গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরলেন তিনি।
এর আগে বাংলাদেশ ব্যাংকের পরামর্শে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান। সাবেক চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের পদত্যাগের পর গত বছরের ২৩ জুলাই তাকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।
এদিকে, ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আন্দোলনের মুখে রবিবার ইসলামী ব্যাংকের পূর্বনির্ধারিত পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়নি। রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে সভাটি হওয়ার কথা ছিল। আলোচনায় ছিল, বাধ্যতামূলক ছুটিতে থাকা ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান ওই সভায় পদত্যাগ করতে পারেন।
গত এপ্রিল মাসে বাংলাদেশ ব্যাংকের পরামর্শে ওমর ফারুক খানকে ৪৯ দিনের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। আগামী ৩১ মে তার ছুটি শেষ হওয়ার কথা রয়েছে। রবিবার তিনি প্রধান কার্যালয়ে এলেও আন্দোলনকারীরা তাকে ভেতরে প্রবেশ করতে দেননি। তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, তিনি চেয়ারম্যান বরাবর নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন।
