ঈদের প্রধান জামাতে অংশ নিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৮ মে ২০২৬, ০৮:৩৬ এএম

পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত রাজধানীর হাইকোর্ট-সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় আয়োজিত এই জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেন।

ভোর থেকেই জাতীয় ঈদগাহমুখী মুসল্লিদের ঢল নামে। কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও তল্লাশি পেরিয়ে হাজারো মানুষ ঈদের নামাজ আদায়ে অংশ নিতে ঈদগাহে প্রবেশ করেন। সকাল ৭টার কিছু পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে পৌঁছান। এ সময় তাদের সঙ্গে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

প্রধান জামাতে জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, ঢাকায় নিযুক্ত বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। নামাজ শেষে খুৎবায় ঈদুল আজহার ত্যাগ, মানবতা, সাম্য ও ভ্রাতৃত্ববোধের গুরুত্ব তুলে ধরা হয়।

নামাজ শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে বিশ্ব মুসলিমের কল্যাণ ও দেশের সুখ-শান্তি কামনা করা হয়।

ঈদের প্রধান জামাতকে কেন্দ্র করে সকাল থেকেই জাতীয় ঈদগাহ এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ঈদগাহ ময়দান মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

সংশ্লিষ্টরা জানান, ঈদের প্রধান জামাত উপলক্ষে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। ঈদগাহে প্রবেশের আগে প্রতিটি মুসল্লিকে নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে ভেতরে প্রবেশ করতে হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো এলাকায় সার্বক্ষণিক নজরদারিতে আছেন।

এদিকে ঈদের প্রধান জামাতে অংশ নিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। পাশাপাশি ত্যাগের আদর্শ ও মানবিক মূল্যবোধকে ব্যক্তি ও সমাজজীবনে ধারণ করার আহ্বান জানান তারা।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর