শনিবার (১৬ মে) দিনব্যাপী এক রাষ্ট্রীয় ও রাজনৈতিক সফরে চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তিনি জেলার একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, সাধারণ মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ এবং স্থানীয় রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন।
শুক্রবার (১৫ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে গণমাধ্যমকে এই সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে চাঁদপুর জেলা প্রশাসন ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, চাঁদপুরের গ্রামীণ অবকাঠামো ও কৃষির উন্নয়নে এই সফরে দুটি গুরুত্বপূর্ণ খালের পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সফরের সূচি অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ৮টায় তিনি সড়কপথে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশে রওনা হবেন। যাত্রাপথে বেলা সাড়ে ১১টায় তিনি কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত একটি পথসভায় অংশ নেবেন। এরপর দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি।
বিকেলের কর্মসূচির শুরুতে দুপুর ১টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি শেষে বিকেল সাড়ে ৩টায় তিনি চাঁদপুর সরকারি কলেজ মাঠে উপস্থিত হয়ে সাধারণ মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন।
উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি সাংগঠনিক কর্মসূচিতেও অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের শেষভাগে বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে তার যোগ দেওয়ার কথা রয়েছে। জেলা বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং স্থানীয় নেতাকর্মীদের দিকনির্দেশনা দিতেই এই বিশেষ সভার আয়োজন করা হয়েছে। সকল কর্মসূচি শেষে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে পুনরায় ঢাকার উদ্দেশে চাঁদপুর ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। সফরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জোরদার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
