কিলিয়ান এমবাপ্পের মতো অমূল্য রত্ন রয়েছে রিয়াল মাদ্রিদের হাতে। বিশ্ব ফুটবলের অন্যতম প্রভাবশালী এই ফরাসি ফরোয়ার্ড প্রতি মৌসুমেই অনায়াসে ও নিয়মিতভাবে ৪০টির বেশি গোলে সরাসরি অবদান রেখে চলেছেন।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা-র পরিসংখ্যান বলছে, রিয়ালের জার্সিতে এমবাপ্পে কতটা অপরিহার্য। সাদা জার্সিতে প্রথম মৌসুমে ৪৪ গোল, ৪ অ্যাসিস্ট ও ৪টি পেনাল্টি আদায় করেছিলেন তিনি। গত মৌসুমেও সেই ধারাবাহিকতা ধরে রেখে ৪২ গোল, ৩ অ্যাসিস্ট ও ৪টি পেনাল্টি আদায় করেন। আর চলতি মৌসুমে এখন পর্যন্ত তার ঝুলিতে জমা হয়েছে ১৭ গোল, ৩ অ্যাসিস্ট ও ২টি আদায় করা পেনাল্টি।
তবে রিয়াল মাদ্রিদের জন্য আরও বড় সুখবর হলো দলটি এখন একজন নয়, বরং ‘দুই’ এমবাপ্পের সুবিধা পাচ্ছে। আর্দা গুলার, জুড বেলিংহাম ও দিওমান্দে- এই তিনজন মিলে এমবাপ্পের মতোই বিধ্বংসী আক্রমণাত্মক শক্তি তৈরি করেছেন। অনেকটা ‘তিনের ভেতর এক’ সমীকরণের মতো, যেখানে এই ত্রয়ীর সম্মিলিত অবদান এককভাবে এমবাপ্পের সমান।
চলতি মৌসুমে রিয়ালের ১০ নম্বর জার্সিধারী এমবাপ্পে এখন পর্যন্ত ২২টি গোলে অবদান রেখেছেন। অন্যদিকে তার তিন সতীর্থ মিলে অবদান রেখেছেন ২৪টি গোলে। গুলার ৫ গোল ও ৫ অ্যাসিস্ট, বেলিংহাম ৫ গোল ও ৪ অ্যাসিস্ট এবং দিওমান্দে ৪ গোল ও ১টি অ্যাসিস্ট করেছেন।
কোচ জোসে মরিনহোর জন্য এটি নিঃসন্দেহে বড় স্বস্তির খবর। গোলমুখে এমবাপ্পের মতো একজন নির্ণায়ক খেলোয়াড়ের ওপর দলের একক নির্ভরতা এতে অনেকটাই কমে এসেছে। তারা মাঠে থাকা মানেই দল কার্যত ‘আরেকজন এমবাপ্পে’র সেবা পাচ্ছে।
রিয়াল মাদ্রিদের এই দুই ‘সংস্করণের’ এমবাপ্পে দলের টানা আট ম্যাচ জয়ের পেছনে বড় ভূমিকা রেখেছেন। টানা জয়ের এই যাত্রায় ম্যাচপ্রতি গড়ে ৩টি করে মোট ২৪ গোল করেছে রিয়াল, যেখানে মৌসুমের প্রথম ৮ ম্যাচে তারা করেছিল ২০ গোল। গত এক মাসের এই গোলবন্যা রিয়ালকে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার (২৬ গোল) আরও কাছে নিয়ে এসেছে। অন্যদিকে মৌসুমের প্রথম ৮ ম্যাচে ৩৬ গোল করা হান্সি ফ্লিকের বার্সেলোনা গোল করার ক্ষেত্রে কিছুটা মন্থর হয়ে পড়েছে।
