চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা ‘সস্তা ও অমূলক মন্তব্য’ বলে উল্লেখ করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সভাকক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘টার্মিনালের সক্ষমতা বৃদ্ধির জন্য এই চুক্তি করা হয়েছে। এটি নির্দিষ্ট সময়ের জন্য। মেয়াদ শেষে বাংলাদেশ চাইলে চুক্তি নবায়ন করতে পারবে, অথবা সেখানেই চুক্তির সমাপ্তি ঘটাতে পারবে।’
তিনি আরও বলেন, ‘এই চুক্তিকে দেশ বিক্রির চুক্তি যারা বলছেন, সেটি সস্তা ও অমূলক একটা কথা।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দেশের বাইরের বিনিয়োগ কিংবা দেশীয় বিনিয়োগকারীদের নতুন বিনিয়োগে আকৃষ্ট করতে পণ্যের উৎপাদন ও রপ্তানি ব্যয় বিশ্বের অন্যান্য দেশের তুলনায় প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে আসতে হবে।’
বাংলাদেশকে বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে নিতে না পারলে কীভাবে বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব, এসময় সেই প্রশ্নও রাখেন তিনি।
তিনি আরও বলেন, ‘এ কারণেই সরকার চট্টগ্রাম বন্দরের দক্ষতা ও কার্যক্ষমতা বাড়াতে চায়। বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যেই এই চুক্তি করা হয়েছে।’
চুক্তির ফলে বন্দরের কর্মীদের চাকরি ও সুযোগ-সুবিধা নিয়ে উদ্বেগের বিষয়ে মন্ত্রী আরও বলেন, ‘সরকার নিশ্চিত যে, বন্দরে বর্তমানে কর্মরত কারও চাকরি যাবে না। বরং দক্ষতা বৃদ্ধির কারণে কর্মীদের সুবিধা বাড়বে এবং বর্তমানে যে পারিশ্রমিক পাচ্ছেন, ভবিষ্যতে তা আরও বাড়বে।’
উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় টার্মিনাল নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক বৈশ্বিক টার্মিনাল অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির সঙ্গে ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তি স্বাক্ষরিত হয়।
