এমপি আনারের মাংস কেটে কিমা তৈরি: জিহাদকে তোলা হচ্ছে আদালতে

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৪ মে ২০২৪, ১১:২৩ এএম

ভারতে বাংলাদেশি (ঝিনাইদহ-৪ আসন) এমপি আনোয়ারুল আজীম আনারের হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকায় গ্রেপ্তার জিহাদ হাওলাদারকে শুক্রবার (২৪ মে) কলকাতা আদালতে তোলা হচ্ছে।

এদিকে এমপি আনোয়ারুল আজীম আনারের দেহাবশেষের কিছু অংশ উদ্ধার করার পর বৃহস্পতিবার (২৩ মে) রাতে রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙ্গর থানার জিরেনগাছা ব্রিজ এলাকায় দেহের বাকি অংশ উদ্ধারে ব্যাপক তল্লাশি চালিয়েছে সিআইডি।

এদিন রাতে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তারকৃত ২৪ বছর বয়সী জিহাদকে নিয়ে কলকাতা সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙ্গড়-পোলেরহাট এলাকার ব্যাপক তল্লাশি চালায় সিআইডি। মোট ছয়টি গাড়িতে পুলিশ ফোর্স নিয়ে তল্লাশি অভিযানে উপস্থিত ছিলেন সিআইডির কর্মকর্তারাও। তবে মরদেহের কোনো অংশ খুঁজে পাওয়া যায়নি।

এদিকে পুলিশ বলছে, সন্দেহভাজন জিহাদ হাওলাদার (২৪) একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী। তার বাড়ি খুলনা জেলার দিঘলিয়া থানায়। তার বাবার নাম জয়নাল হাওলাদার। তবে জিহাদ বসবাস করতো ভারতের মুম্বাই শহরে। সেখানে সে একটি মাংসের দোকানে কসাইয়ের কাজ করতো।

জানা গেছে পরিকল্পিত নৃশংস এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আখতারুজ্জামানের কলকাতায় যাওয়ার দুই মাস আগেই জিহাদকে ডেকে আনা হয়। জিজ্ঞাসাবাদে জিহাদ স্বীকার করেছে, আখতারুজ্জামানের নির্দেশে তিনিসহ চারজন এমপি আনারকে ফ্ল্যাটে শ্বাসরোধ করে হত্যা করে।

এমপিকে হত্যার পরে তার শরীর থেকে মাংস এবং হাড় আলাদা করে ফেলে। মূলত পরিচয় নষ্ট করার জন্য এমপির মাংস কিমা করে তা প্লাস্টিকের ব্যাগে রাখা হয়। আর হাড়গুলোকে ছোট ছোট টুকরো করে নেয়া হয়। পরে ওই ব্যাগগুলো ফ্ল্যাট থেকে বের করে নানা ধরনের যানবাহন ব্যবহার করে কলকাতার বিভিন্ন অঞ্চলে ফেলে দেয়া হয়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বক্তব্য যাচাই করতে এবং শরীরের বাকি অংশ উদ্ধার করতে তাকে বারাসাত আদালতে তুলে রিমান্ড চাওয়া হবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর