ই-ভ্যাট (eVAT) সিস্টেমে সার্ভার জটিলতার কারণে অক্টোবর ২০২৬ করমেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ নভেম্বর পর্যন্ত কোনো সুদ ও জরিমানা ছাড়াই রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা।
সোমবার (১৬ নভেম্বর) এনবিআরের বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ নভেম্বর ই-ভ্যাট (eVAT) সিস্টেমে একসঙ্গে অতিরিক্ত-সংখ্যক ব্যবহারকারী প্রবেশ করায় সার্ভারে জটিলতা দেখা দেয়। এর ফলে অক্টোবর ২০২৬ করমেয়াদের ভ্যাট রিটার্ন নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে দাখিলের কার্যক্রম ব্যাহত হয়।
এ পরিস্থিতিতে জনস্বার্থ বিবেচনায় রিটার্ন জমার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারার উপধারা (২)-এ প্রদত্ত ক্ষমতাবলে আগামী ২২ নভেম্বর পর্যন্ত রিটার্ন দাখিলের সুযোগ দেওয়া হয়েছে।
এ সময়ের মধ্যে করদাতারা কোনো সুদ ও জরিমানা ছাড়াই অক্টোবর ২০২৬ করমেয়াদের ভ্যাট রিটার্ন জমা দিতে পারবেন।
