দেশের স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের জনবল সংকট কাটাতে প্রায় চার হাজার চিকিৎসক এবং সমসংখ্যক সিনিয়র স্টাফ নার্স ও নার্সিং কর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে দেশের ৫০৩টি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতাল নির্মাণের প্রক্রিয়াও শুরু হয়েছে। আগামী এক থেকে দুই বছরের মধ্যে স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এমএ মুহিত।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে সুনামগঞ্জ-১ আসনের সরকারি দলের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের ৭১-বিধির আওতায় উত্থাপিত জনস্বার্থসংশ্লিষ্ট জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, সবার জন্য স্বাস্থ্যনীতি বাস্তবায়নের আলোকে সরকারের লক্ষ্য হচ্ছে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। প্রত্যেক নাগরিককে মর্যাদা ও সম্মানের সঙ্গে স্বাস্থ্যসেবা দিতে সরকার কাজ করছে। অতীতে স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অব্যবস্থাপনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার একটি দুর্নীতিমুক্ত ও মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর।
বিসিএসের মাধ্যমে নিয়োগ পাচ্ছেন প্রায় ৪ হাজার চিকিৎসক
স্বাস্থ্য খাতের চিকিৎসক সংকট নিরসনে বিভিন্ন বিসিএসের মাধ্যমে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, চিকিৎসকের শূন্য পদ পূরণে ৪৬তম বিসিএসের মাধ্যমে এক হাজার ৬৮২ জন, ৪৭তম বিসিএসের মাধ্যমে এক হাজার ৩৩১ জন এবং ৫০তম বিসিএসের মাধ্যমে ৬৫০ জন সহকারী সার্জন নিয়োগের প্রক্রিয়া চলছে।
নার্স নিয়োগেও চলছে একাধিক কার্যক্রম
নার্স সংকট নিরসনে সিনিয়র স্টাফ নার্সের শূন্য পদ পূরণের কার্যক্রমও চলমান রয়েছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ৮২৮টি পদে সরাসরি নিয়োগের জন্য গত ২৮ সেপ্টেম্বর সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া এক হাজার ৫৬৬টি শূন্য পদে নিয়োগের প্রস্তাব পিএসসিতে পাঠানো হয়েছে। আরও এক হাজার ৭৭৫টি পদে নিয়োগের প্রস্তাব নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে পাঠানো হয়েছে।
মিডওয়াইফ নিয়োগের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, মিডওয়াইফ পদে ৫৫৮ জনের নিয়োগের সুপারিশ করা হয়েছে। তাদের পুলিশ ভেরিফিকেশন চলছে। এ ছাড়া আরও এক হাজার ২৫৬টি মিডওয়াইফ পদে নিয়োগের জন্য পিএসসিতে প্রস্তাব পাঠানো হয়েছে।
৫০৩ উপজেলায় হচ্ছে ১৫১ শয্যার হাসপাতাল
স্বাস্থ্যসেবার মান উন্নয়নে জনবল নিয়োগের পাশাপাশি অবকাঠামো সম্প্রসারণেও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, স্বাস্থ্যসেবার উন্নয়নে শুধু অবকাঠামো নির্মাণ নয়, প্রয়োজনীয় জনবল নিশ্চিত করাও জরুরি। এ লক্ষ্যে উপজেলা হাসপাতাল ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্র উন্নয়নে সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী দেশের ৫০৩টি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। এ-সংক্রান্ত প্রকল্পটি বর্তমানে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে। ডিপিপি অনুমোদিত হলে নবগঠিত মধ্যনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণকাজও শুরু হবে।
নতুন হাসপাতালের নকশায় থাকছে চিকিৎসকদের আবাসন
সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, নতুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নকশায় চিকিৎসকদের আবাসনের ব্যবস্থাও রাখা হচ্ছে, যাতে তারা নিরাপদ পরিবেশে থেকে দায়িত্ব পালন করতে পারেন।
তিনি আরও বলেন, চিকিৎসকদের স্বাস্থ্যসেবা দেওয়ার পাশাপাশি তাদের নিরাপত্তা ও মানসম্মত জীবনযাপনের সুযোগ নিশ্চিত করাও সরকারের দায়িত্ব।
স্বাস্থ্য খাতের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতের জনবল সংকট পূরণে সরকার ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ নিয়েছে। আগামী এক থেকে দুই বছরের মধ্যে স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে আশা করা যায়।
