নেত্রকোনার মদনে কৃষকের ছদ্মবেশে অভিযান চালিয়ে বাচ্চু মিয়া হত্যা মামলার প্রধান আসামি আতিকুল ইসলামকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) রাতে উপজেলার নায়েকপুর ইউনিয়নের মাগনা গ্রামের হাওর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (৬ অক্টোবর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আতিকুল ইসলাম নায়েকপুর ইউনিয়নের মাগনা উত্তরপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ২৬ মার্চ বিকেলে কৃষক বাচ্চু মিয়া নিজের ধানক্ষেতে গিয়ে দেখতে পান, কয়েকটি গরু ধান খেয়ে ও পায়ের নিচে মাড়িয়ে ক্ষেত নষ্ট করছে। এ নিয়ে গরুর মালিক আতিকুল ইসলামের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। এর জেরে আতিকুল ইসলাম তার লোকজন নিয়ে বাচ্চু মিয়ার ওপর হামলা চালান। মারধরের একপর্যায়ে বাচ্চু মিয়া গুরুতর আহত হন এবং পরে মারা যান।
এ ঘটনায় নিহত বাচ্চু মিয়ার ছেলে মো. আলামিন বাদী হয়ে মদন থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর থেকেই আতিকুল ইসলাম পলাতক ছিলেন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন করিম বলেন, কৃষক বাচ্চু মিয়া হত্যা মামলার প্রধান আসামি আতিকুল ইসলাম প্রায় এক বছর ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নায়েকপুর ইউনিয়নের মাগনা গ্রামের হাওর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশ কৃষকের ছদ্মবেশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পরে মঙ্গলবার আতিকুল ইসলামকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
