কেমন থাকবে আজকের আবহাওয়া?

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩০ মে ২০২৬, ০৮:৩৩ এএম

রাজধানী ঢাকায় আজ দিনভর ভ্যাপসা গরমের প্রভাব অব্যাহত থাকতে পারে। তবে স্বস্তির খবর হলো, আগের দিনের তুলনায় আজকের দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। আজ শনিবার (৩০ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।

পূর্বাভাস অনুযায়ী, আজ দুপুর পর্যন্ত ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তাপমাত্রা কিছুটা কমায় তপ্ত আবহাওয়ায় কিছুটা স্বস্তি মিলতে পারে নগরবাসীর।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ, যার কারণে শরীরে অস্বস্তিকর ও ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। এর আগে গতকাল শুক্রবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে সামান্য বৃষ্টিপাতও রেকর্ড করা হয়েছে।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে এবং আগামীকাল রোববার সূর্যোদয় হবে ভোর ৫টা ১১ মিনিটে।

এদিকে গতকাল রাতে প্রকাশিত সারা দেশের আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, আজ শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে দেশের আটটি বিভাগেই বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃষ্টির পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। তবে এই সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর