কোটা সংস্কারের পক্ষে সরকার: আইনমন্ত্রী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৮ জুলাই ২০২৪, ০৩:১৪ পিএম

সরকার কোটা ব্যবস্থা সংস্কারের পক্ষে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বৃহস্পতিবার (১৮ জুলাই) জাতীয় সংসদ ভবনের টানেলের নিচে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে সরকার আলোচনায় বসতে রাজি। প্রয়োজনে আজই বসা হবে।

তিনি বলেন, আন্দোলনকারীদের আলোচনার প্রস্তাবকে স্বাগত জানায় সরকার। আমাকে ও শিক্ষামন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। ওরা চাইলে আমরা আজই আলোচনায় বসতে রাজি।

আনিসুল হক জানান, তাকে ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য দায়িত্ব দেয়া হয়েছে।

শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে গত মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ব্যাপারে হাইকোর্টের বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।

তিনি বলেন, হাইকোর্টের পরিপত্র বাতিল নিয়ে আপিল বিভাগের শুনানি এগিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে। আগামী রোববার এ শুনানি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন