কোনো দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক বা বসার কোনো ইতিহাস নেই বলে দাবি করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জামায়াত একটি রাজনৈতিক দল। রাজনৈতিক প্রতিপক্ষ কিংবা বন্ধুদের সঙ্গে আলোচনা হতে পারে, কিন্তু কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের প্রশ্নই আসে না।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিদেশি বিভিন্ন সংস্থার সঙ্গে একটি দলের শীর্ষ নেতাদের গোপন বৈঠকের প্রসঙ্গ তুলে বক্তব্য দেন। এর জবাবেই জামায়াত আমির এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘এরকম কথা রয়েছে যে ভিনদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে একটি দলের বোঝাপড়া হয়েছে। তো এই উসকানির পেছনে এই দলের কোনো সম্পর্ক আছে কি না? এই দলটা কে? একটু তিনি পরিষ্কার করুন।’
তিনি বলেন, ‘যদি তিনি সরকারের নিয়োজিত জামায়াতবিষয়ক একজন ২৪ ঘণ্টার সচিব মর্যাদার লোককে ইঙ্গিত করে থাকেন, তার কথার রেফারেন্স ধরে, তাহলে আমি তাকে অত্যন্ত স্পষ্টভাবে বলছি- এটা আমরা চ্যালেঞ্জ নিয়েছিলাম এবং বলেছিলাম, তার প্রমাণ উপস্থাপন করুন।’
জামায়াত আমির আরও বলেন, ‘বিষয়টা অন্যভাবে বলতে গেলে আমি বলতে চাই, ঠাকুরঘরে কে রে, আমি কলা খাই না। যারা এটা বলছেন, ঠাকুরঘরে তারাই বসে আছেন। আত্মগোপন করে আছেন এবং গোপনও নয়, প্রকাশ্যেই।’
তিনি বলেন, “অত্যন্ত বিনয় ও শ্রদ্ধা রেখেই বলতে চাই, বর্তমান প্রেসিডেন্টও কিন্তু প্রকাশ্যে কথাবার্তা বলেছেন। ‘তোমাদের সব দরজা খুলে দেব, তোমাদের সব মামলা তুলে নেব।’ আমরা বলিনি।”
নিজের আগের বক্তব্যের প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাকে মিস কোট করা হয় ১২ আগস্টের একটি সংবাদ সম্মেলনের ব্যাপারে। আমি নাকি বলেছি, আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়া হলো। ওই পুরো ২২ মিনিটের বক্তব্যে একবারও ভুলে, স্বপ্নে আমি আওয়ামী লীগের নাম নিইনি। পুরো ভিডিও এখনো আছে। যে কেউ দেখে নিতে পারে।’
তিনি আরও বলেন, ‘একজন ব্যক্তি ২৪ ঘণ্টা আমাদের পেছনে খেদমত করে যাচ্ছেন। আমরা তাকে কোনো বেতন বা মজুরি দিতে পারছি না বলে দুঃখিত। তিনি সন্ধ্যায় একটা বলেন, রাতে একটা বলেন, পরের দিন সকালে একটা বলেন, দুপুরে একটা বলেন। এটা তিনি চালিয়ে যাচ্ছেন।’
ওই ব্যক্তির বক্তব্যের সূত্র ধরে জামায়াতকে গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের অভিযোগে জড়ানোর সমালোচনা করে তিনি বলেন, ‘সে রকম একটা ফালতু লোককে রেফার করে যদি বলা হয়, আমাদের ইঙ্গিত করে তিনি তো নামই নিয়েছেন, তাহলে এই সংসদে আজ স্পষ্টভাবে বলছি, কোনো দেশের কোনো এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস আমাদের নেই।’
তিনি বলেন, ‘আমরা কোনো এজেন্সির সঙ্গে বসব কেন? আমরা একটি রাজনৈতিক দল। আমরা বসব রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে, বন্ধুদের সঙ্গে। যদি কোথাও বন্ধু থাকে। এজেন্সির সঙ্গে বসার তো কোনো প্রশ্নই ওঠে না।’
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পাল্টা জবাবে জামায়াত আমির আরও বলেন, ‘বরং আমাদের নামে যারা বলছেন, তাদের ডকুমেন্ট আছে। তারা দেশে-বিদেশে এজেন্সির সঙ্গে বসেছেন। এজেন্সির দেশে গিয়ে এজেন্সির সামনে দুঃখ প্রকাশ করেছেন। প্রকাশ্যে এসে বলেছেন, আমাদের দলের অতীতের দেশনীতি ভুল ছিল, ভবিষ্যতে আমরা এই ভুল আর করব না। দ্যাট ওয়াজ পাবলিক স্টেটমেন্ট। মেহেরবানি করে আয়নায় নিজেদের চেহারা দেখাটাই উত্তম হবে। যথেষ্ট হবে।’
এর আগে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাম্প্রতিক অস্থিরতায় সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে বলে বিরোধীদলীয় নেতার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন। তিনি বলেন, ‘বিরোধীদলীয় নেতা বলেছেন, সাম্প্রতিক অস্থিরতায় সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে। আমিও একমত। এই কথা আমি আমার ভাষায় বেশ কয়েকবার বিভিন্ন স্থানে বলেছি।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ঢাকায় বিভিন্ন সময়ে একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি বিভিন্ন সংস্থার লোকদের গোপন বৈঠকের সঙ্গে এই উসকানির কোনো সম্পর্ক আছে কি না, তা জনগণ জানতে চায়।’
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন দাবি করেছেন, গত ১৬ অক্টোবর ঢাকার বারিধারায় ভারতীয় উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুমসহ তিনজন গোপন বৈঠক করেছেন।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন বলেন, ‘যারা সারা দিন ভারতের বিরুদ্ধে বক্তব্য রাখে, তারা কী কারণে, কোন স্বার্থে ভারতীয় এই গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোপন বৈঠকে অংশগ্রহণ করেছে? কোনো ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক করা আর ভারতীয় উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক হওয়া এক জিনিস নয়।’
