আসছে এনসিপির উপদেষ্টা পরিষদ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পিএম

আলোচনায় সাবেক সেনা কর্মকর্তা, আমলা ও শিক্ষাবিদেরা

২১ থেকে ২৫ সদস্যের গঠনের উদ্যোগ, ঘোষণা আগামী সপ্তাহে

দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতি আনতে এবার ২১ সদস্য থেকে ২৫ বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করছে জাতীয় নাগরিক পার্টি (এনিসিপি)। উপদেষ্টা পরিষদে থাকছেন সাবেক সেনা কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, আমলা, প্রকৌশলী, আইনজীবী, অর্থনীতি, শিক্ষক ও প্রবাসী। 

দলটির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, উপদেষ্টা পরিষদের সদস্যরা সরাসরি রাজনীতি যুক্ত হয়ে দলের সঙ্গে কাজ করবেন। তারা নীতিগত বিভিন্ন বিষয়ে এনসিপিকে বুদ্ধিবৃত্তিক পরামর্শ দেওয়াই হবে এই পরিষদের অন্যতম কাজ। আগামী সপ্তাহে ঘোষণা দেওয়া হতে পারে।

উপদেষ্টা পরিষদ গঠনের কারণ হিসেবে এনসিপির একাধিক নেতা কালবেলাকে বলেন, এনসিপির দলের সবাই তরুণ। দলের নেতাদের বয়স সবোর্চ্চ ৩৫ বছর হবে। এজন্য রাজনৈতিক অঙ্গনে প্রায়ই প্রশ্নের মুখোমুখি হতে হয় এনসিপির সঙ্গে সমাজের প্রবীণরা নেই। প্রবীণরা কেউ এনসিপিতে যোগ দিতে চায় না। এই উপদেষ্টা কাউন্সিল গঠন করার মধ্যে দিয়ে মানুষের সেই ভুল ধারণা ভেঙে দেওয়ার লক্ষ্য আমাদের। এর মধ্যে নিয়ে ভবিষ্যতে এনসিপি আরও বুদ্ধিবৃত্তিক রাজনীতি বাড়াতে চায় এবং দলের সাংগঠনিক কাঠামো বিস্তার করতে চায়। 

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপদেষ্টা পরিষদে কারা থাকতে পারেন, গঠনের প্রয়োজনীয়তা ও কার্যক্রম কেমন হতে পারে, তা নিয়েও আলোচনা করেছেন এনসিপির সবোর্চ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্যরা। 

দলীয় সূত্র জানায়, প্রথমে ২১ থেকে ২৫ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হতে পারে। পরে এটি ৩১ সদস্যয় উন্নীত করা হতে পারে। প্রাথমিকভাবে উপদেষ্টা পরিষদ নিয়ে দলের ভেতরে ২৫ জনের নামের তালিকা নিয়ে আলোচনা চলছে। এছাড়া দলের সদস্যদের কাছেও সুশীল সমাজের গ্রহণযোগ্য ব্যক্তি এনসিপিতে যোগ দিতে চায়, এমন কোনো ব্যক্তি থাকলে তার নাম জমা দিতে বলা হয়েছে। উপদেষ্টা পরিষদের সদস্যরা দলকে নানাভাবে পরামর্শ দেবে। তাদের সেসব পরামর্শ দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সঙ্গে আলোচনা করে তা বাস্তবায়ন করবে দল।

এনসিপির উপদেষ্টা পরিষদে যুক্ত হতে যাচ্ছেন নিরাপত্তা ও অর্থনীতি বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল ফজলুর রহমান, রাওয়ার ভাইস প্রেসিডেন্ট মেজর (অব). নিয়াজ আহমেদ জাবের, মেজর জেনারেল (অব.) আ.ম.সা আমিন, আইনজীবীদের মধ্যে থেকে অস্ট্রেলিয়ার আইনজীবী ব্যারিস্টার জাকি ওমর, দেশের সিনিয়র সিনিয়র আইনজীবী সাইয়েদ আজহার কবির, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক।

উপদেষ্টা পরিষদে আরও যুক্ত হচ্ছেন আমেরিকার মিডিয়া ব্যক্তিত্ব মাস্কাওয়াত আহসান, সৌদি আরবের একাডেমিক ড. মনির উদ্দিন আহমেদ, পেডিট্রিক ইউরোলোজিস্ট অধ্যাপক ডা. শদরুল ইসলাম, জিয়া ফাউন্ডেশনের জিও-পলিটিক্স এক্সপার্ট ও ফ্রি থিংকার্স ফোরামের প্রেসিডেন্ট জাহাঙ্গীর চৌধুরী, বরিশালের প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা চৌধুরী, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের জেন্ডার এক্সপার্ট ড. নাইমা ইমাম চৌধুরী, নরওয়ে ইউনিভার্সিটির গভার্নেন্স ও ফরেন পলিসি বিশ্লেষক প্রফেসর ড. আব্দুল কুদ্দুস, ইসলামি স্কলার শায়েখ আহমেদ বদরুদ্দীন ও অধ্যক্ষ মুফতী শাঈখ মুহাম্মাদ উছমান গনী, ডাকসুর সাবেক এজিএস ও ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য গোলাম মোস্তফা, ইউনিভার্সিটি অব কলাম্বিয়ার অর্থনীতির প্রফেসর ড. জহিরুল ইসলাম খান, ইউনিভার্সিটি অব টরেন্টোর প্রফেসর ড. মুস্তাহিদ হোসাইন, খুলনা বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সাবেক ভিসি প্রফেসর ড. মাকদুদ হেলালী, সাবেক অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দীন, আমেরিকার সিকিউরিটি এক্সপার্ট সাবিনা আহমেদ, সাবেক আমলা ও ব্যবসায়ী এম এ মতিন, কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল লিমিটেড যুক্তরাজ্যের চেয়ারম্যান হারুনর রশীদ, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন যুক্তরাজ্যের জেনারেল সেক্রেটারি ডা. শাহিন আখতার ও যুক্তরাজ্যোর হিউম্যান রাইটস এক্টিভিস্ট এডভোকেট মোহাম্মদ মাসুদুর রহমান।

এনসিপির নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার কালবেলাকে বলেন, বিভিন্ন পেশাজীবী ও সুশীল সমাজের ব্যক্তিত্ব যারা দেশের রাজনীতি ও ইতিহাস সম্পর্কে ওয়াকিবহাল, তাদেরকে নিয়ে উপদেষ্টা পরিষদে গঠনের কাজ অনেকদিন ধরে চলছিল। অবশেষে এই কমিটি আলোর মুখ দেখার পর্যায়ে এসেছে। উপদেষ্টা পরিষদে যারা আসছেন তাদের নাম প্রায় চূড়ান্ত। উপদেষ্টা পরিষদ কিভাবে কাজ করবে সেটার কার্যপ্রণালীবিধিও তৈরি করা হচ্ছে এবং এই বিধি দলের গঠনতন্ত্রের যুক্ত হবে। শেষ মুহূর্তের কিছু হিসাব-নিকাশ চলছে। আশা করি, শিগগির এই কমিটি ঘোষণা করা হবে। 

তিনি বলেন, রাষ্ট্র, সমাজ, সংস্কৃতি ও ধর্ম এসব বিষয়ে যারা অভিজ্ঞ আমরা তাদেরকে উপদেষ্টা পরিষদে যুক্ত করতে চাই। কার্যপ্রণালী বিধি অনুযায়ী তারা দলের সঙ্গে যুক্ত থাকবেন। তাদের পরামর্শ অনুযায়ী আমরা দল পরিচালনা করতে চাই। যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তারা মতামত বা উপদেষ্টা দিবেন। দলের রাজনৈতিক পর্ষদের যেকোনো সিদ্ধান্ত পুনর্বিবেচনার বিষয়ে মতামত দেওয়ার এখতিয়ার থাকবে উপদেষ্টা কাউন্সিলের সদস্যদের।  

সারোয়ার তুষার বলেন, নবীন প্রবীণের সমন্বয়ে এনসিপিকে আমরা এগিয়ে নিতে চাই। তরুণ নেতৃত্বে দল গঠিত হলেও যেকোনো বয়সের মানুষের জন্য এনসিপির দরজা উন্মুক্ত রয়েছে। এখন ২১ থেকে ২৫ সদস্য উপদেষ্টা পরিষদ গঠন করা হতে পারে। ভবিষ্যতে উপদেষ্টা পরিষদে ৩০ বা ৩১ সদস্য হতে পারে।

উল্লেখ্য, এনসিপি আইনজীবী, শিক্ষক, ডাক্তারদের নিয়ে আলাদা ফোরাম করলেও দল গঠনের পর এবারই প্রথম উপদেষ্টা পরিষদ গঠন করছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন