খাগড়াছড়িতে দোকানে মিলল সরকারি রেশনের ২২ বস্তা গম

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ১১:৩৮ এএম

পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙায় একটি চালের দোকানে অভিযান চালিয়ে গুচ্ছগ্রামের সরকারি রেশনের ২২ বস্তা গম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় মা-মনি এন্টারপ্রাইজ নামের ওই দোকান মালিক মো. আইয়ুব আলীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙা উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যার দিকে মাটিরাঙা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মাটিরাঙা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু।

এ সময় মাটিরাঙা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ফরিদ আহমেদ ও মাটিরাঙা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রাজীব উপস্থিত ছিলেন।

জানা গেছে, মাটিরাঙা বাজারের ব্যবসায়ী আইয়ুব আলীর দোকানে গুচ্ছগ্রামের সরকারি রেশনের গম অবৈধভাবে মজুত করার খবর পেয়ে ওই দোকানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙা উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু। অভিযানকালে ওই দোকান থেকে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ৫০ কেজি ওজনের ২২ বস্তা গম জব্দ করা হয়। একই সঙ্গে মা মনি এন্টারপ্রাইজের মালিক মো. আইয়ুব আলীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে মাটিরাঙা উপজেলা খাদ্য কর্মকর্তা মো. ফরিদ আহমেদ এর জিম্মায় ২২ বস্তা গম তবলছড়ি খাদ্য গুদামে পাঠানো হয়।

মাটিরাঙা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গুচ্ছগ্রামের রেশনসহ সরকারি সহায়তার চাল বা পণ্য অবৈধভাবে মজুত, বিক্রি বা অন্যত্র সরিয়ে নেওয়ার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন