গাছের ডাল মাথায় পড়ে মোটরসাইকেল চালকের মৃত্যু, আহত ৫ বছরের ছেলে

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ০৩:০২ এএম

দিনাজপুরের নবাবগঞ্জে সড়কের পাশে গাছ কাটার সময় ডাল মাথায় পড়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী ইয়াছিন আলীর (৩১)। এ ঘটনায় তার পাঁচ বছরের ছেলে মো. রিয়াদ গুরুতর আহত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে ফুলবাড়ী-মধ্যপাড়া মহাসড়কের ভাগলপুর মহেশপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন আলী নবাবগঞ্জ উপজেলার সালঘড়িয়া গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে। আহত রিয়াদকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াছিন আলী তার ছেলে রিয়াদকে নিয়ে বিরামপুর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে ভাগলপুর মহেশপুর ব্রিজ সংলগ্ন এলাকায় শ্রমিকেরা গাছের ডাল কাটছিলেন। এ সময় একটি ডাল ইয়াছিনের মাথায় পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ডালের আঘাতে গুরুতর আহত হয় তার সঙ্গে থাকা ছেলে রিয়াদও।

পরে স্থানীয়রা বাবা-ছেলেকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক ইয়াছিন আলীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রিয়াদকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ইয়াছিনের মরদেহ ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। দুর্ঘটনাস্থল নবাবগঞ্জ থানা এলাকায় হওয়ায় সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে। মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন