তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নতুন বেতন কাঠামোর সুপারিশ আগামী চার কার্যদিবসের মধ্যে করবে মালিকপক্ষ। ইতোমধ্যে শ্রমিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিয়েছে। পরবর্তী বৈঠকের আগে শ্রমঘন শিল্প এলাকার পোশাক কারখানাগুলো পরিদর্শন করবে নিম্নতম মজুরি বোর্ড।
সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় সপ্তম নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠক শেষে এসব তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
তিনি বলেন, আগামী চার কার্যদিবসের মধ্যে মালিকপক্ষ তাদের বেতন কাঠামোর সুপারিশ জমা দেবে। এর আগে শ্রমিকপক্ষ লিখিতভাবে তাদের প্রাথমিক প্রস্তাব দিয়েছে। পরবর্তী সভার আগে শ্রমঘন শিল্প এলাকার সব কারখানা পরিদর্শন করা হবে।
এর আগে গত ৪ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক শেষে জানানো হয়েছিল, তৈরি পোশাকশিল্পে নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে। শ্রমিকেরা বর্ধিত বেতন হাতে পাবেন আগামী জানুয়ারি থেকে।
এদিকে নতুন মজুরি কাঠামোর দাবিতে গত মাস থেকে পোশাকশ্রমিকদের আন্দোলন চলছে। বোর্ড গঠনের পর সাভার-আশুলিয়া ও গাজীপুরে শ্রমিক অসন্তোষ কিছুটা কমলেও গত রোববার দুই এলাকার ৩৮টি কারখানায় শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় ছুটি ঘোষণা করা হয়।
শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের জন্য সরকার গত ১ নভেম্বর সপ্তম নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ। মালিকপক্ষের প্রতিনিধি বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।
এ ছাড়া শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব।
