চীনা নৌজাহাজ পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌপ্রধান

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পিএম

বাংলাদেশে সফররত চীনা নৌবাহিনীর জাহাজ ‘থাং শান’ ও ‘দা ছিং’ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।

শনিবার (১৯ সেপ্টেম্বর) পরিদর্শনকালে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত, বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও চীনা দূতাবাসের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা চীনা নৌবাহিনীর জাহাজগুলোর বিভিন্ন অংশ পরিদর্শন করেন। তিনি জাহাজে ব্যবহৃত আধুনিক প্রযুক্তির নৌ সরঞ্জাম ও নিরাপত্তসংক্রান্ত বিভিন্ন বিষয়সহ অন্যান্য কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

এ সময় তিনি জাহাজগুলোর কমান্ডিং অফিসার ও কর্মকর্তা-নাবিকদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে বাংলাদেশ ও চীনের নৌবাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক আস্থা, পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া আঞ্চলিক সামুদ্রিক সহযোগিতা জোরদারের পাশাপাশি সামরিক প্রশিক্ষণ ও নৌ-সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়।

এর আগে, গত ১৭ সেপ্টেম্বর চীনা নৌবাহিনীর জাহাজ ‘থাং শান’, ‘দা ছিং’ ও ‘থাই হু’ পাঁচ দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।

এ সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়েছে। একইসঙ্গে, এ ধরনের সফর ভবিষ্যতে যৌথ প্রশিক্ষণ, নৌ-নিরাপত্তা, সামুদ্রিক চ্যালেঞ্জ মোকাবিলা ও বিভিন্ন পেশাগত ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

এ ছাড়া চীনা নৌবাহিনী জাহাজ বাংলাদেশের জলসীমা ত্যাগকালে যৌথ মহড়া ‘প্যাসেএক্স’-এ অংশগ্রহণ করবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন