চূড়ান্ত হলো সেমিফাইনালের লাইনআপ: বাংলাদেশের প্রতিপক্ষ কে, খেলা কবে?

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১১:০৮ পিএম

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে আগেই। আজ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য ছিল গ্রুপ সেরা হওয়ার লড়াই। এই ম্যাচে দাপট দেখিয়েই জিতল তারা। তাতে চূড়ান্ত হয়ে গেল সেমিফাইনালের সূচি। ভারত, পাকিস্তানের সঙ্গে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ ও ভুটান।

১৪ নভেম্বর সাফের দুই সেমিফাইনাল। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ভুটান। পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। পাকিস্তানকে হারালে বাংলাদেশ ২০০৫ সালের পর প্রথমবার সাফের ফাইনাল খেলবে। 

বাংলাদেশ ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন। টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী এই গ্রুপের চ্যাম্পিয়ন ‘বি’ গ্রুপের রানার্সআপের সঙ্গে খেলবে। ‘বি’ গ্রুপের রানার্স আপ পাকিস্তান। এই ম্যাচটি রাত সাড়ে আটটায় জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। 

ভুটানের সেমিফাইনাল নির্ভর করছিল বাংলাদেশের ওপর। বাংলাদেশ ২ গোলের ব্যবধানে জিতলেই তাদের সেমিফাইনালে খেলার সুযোগ ছিল। বাংলাদেশ শ্রীলঙ্কাকে ৪ গোলে হারানোয় এ গ্রুপের রানার্সআপ হয়েছে ভুটান। 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন