জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, জাতীয় সংসদে যে মিথ্যাচার করলেন, এই মিথ্যাচারের জবাব আপনি শিগগিরই পাবেন।
বুধবার (১১ নভেম্বর) রাত ৭টা ৩৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে এ চ্যালেঞ্জ করেন তিনি।
রাশেদ খাঁন বলেন, ‘ওয়েট অ্যান্ড সি ডা. শফিকুর রহমান। আমি কি পারি আমির হামজার ঘটনায় প্রমাণ দেখেন নাই?’
তিনি আরও বলেন, ‘ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন নাই বলে জাতীয় সংসদে যে মিথ্যাচার করলেন, এই মিথ্যাচারের জবাব আপনি শিগিগরই পাবেন।’
মূলত, ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের বৈঠকের অভিযোগ তুলেছিলেন রাশেদ খাঁন। তবে আজ সংসদে জামায়াত আমির সেই অভিযোগ অস্বীকার করেন।
জামায়াত আমির বলেন, কোনো দেশের কোনো এজেন্সির সঙ্গে বসার ইতিহাস আমাদের নেই। আমরা কোনো এজেন্সির সঙ্গে কেন বসব? আমরা একটা রাজনৈতিক দল। আমরা বসব রাজনৈতিক প্রতিপক্ষ বা বন্ধুদের সঙ্গে। বরং আমাদের নামে যারা কথা বলছেন, তারা দেশি-বিদেশি এজেন্সির সঙ্গে বসছেন।
সংসদে ডা. শফিকুর রহমানের এই বক্তব্যের পরেই রাশেদ খাঁন স্ট্যাটাসটি দিয়ে চ্যালেঞ্জ জানান।
